১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গরমে খেলা এনসো ফের্নান্দেসের কাছে ‘বিপজ্জনক’

কেবল খেলোয়াড়দের জন্যই নয়, মাঠে আসা দর্শকদের জন্যও তীব্র গরমকে বিপজ্জনক মনে করছেন চেলসি মিডফিল্ডার।

যুক্তরাষ্ট্রের গরমে খেলা এনসো ফের্নান্দেসের কাছে ‘বিপজ্জনক’
এনসো ফের্নান্দেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

‘মাথা ঘুরছিল, মাঠে শুয়ে পড়তে হয়েছিল’, যুক্তরাষ্ট্রের অত্যধিক গরমে ফুটবল খেলা কতটা কঠিন, তুলে ধরতে এমনটা বলেছেন এনসো ফের্নান্দেস। চেলসির এই মিডফিল্ডারের মতে, এই গরমে খেলা খুবই বিপজ্জনক।

নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে শেষের দুয়ারে চলমান ক্লাব বিশ্বকাপ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার পিএসজি ও চেলসির ফাইনাল দিয়ে পর্দা নামবে ৩২ দলের এই টুর্নামেন্টের। বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।

এবারের ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত গরম নিয়ে। যা চলছে এখনও। ফাইনালের আগে যেমন তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন চেলসির বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার ফের্নান্দেস।

গত মঙ্গলবারের সেমি-ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেসিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় চেলসি। নিউ জার্সিতে ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় বিকাল ৩টায়। সেদিন সেখানকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর্দ্রতা ছিল ৫৪ শতাংশের বেশি। যার ফলে সতর্কবার্তা জারি করতে হয়েছিল।

টুর্নামেন্ট জুড়েই কয়েকটি ভেন্যু-শহরের প্রচণ্ড গরম নিয়ে আলোচনা হয়েছে অনেক। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ফুটবল বিশ্বকাপ। তাই যুক্তরাষ্ট্রের গরম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তাদের সুরে সুর মেলালেন ফের্নান্দেস।

“সত্যি বলতে, এখানে গরম অবিশ্বাস্য। ওই দিন আমাকে মাঠে শুয়ে যেতে হয়েছিল, কারণ মাথা ঘুরছিল। এই তাপমাত্রায় খেলা খুবই বিপজ্জনক। দর্শকদের জন্য, যারা মাঠে এসে খেলা উপভোগ করে তাদের জন্য, যারা ঘরে বসে তাদের জন্যও।”

“এখানে খেলার গতি একই থাকে না। সবকিছুই মন্থর হয়ে যায়। আশা করি, আগামী বছর সূচিতে বদল আনা হবে। অন্তত যাতে একটি সুন্দর ও আকর্ষণীয় ফুটবল প্রদর্শনী দেখা যায়, তাই না?”