১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জার্মানির সামনে রেকর্ডের হাতছানি, গোলহীন একুয়েডর

দুই দশক পর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুটি দল।

জার্মানির সামনে রেকর্ডের হাতছানি, গোলহীন একুয়েডর
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জার্মানির সমর্থকদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 09:08 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

চলতি বিশ্বকাপে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে গ্রুপের শেষ রাউন্ডে একুয়েডরের মুখোমুখি হচ্ছে জার্মানি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায়।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্বে উঠেছে জার্মানি। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে থাকা একুয়েডরের সম্ভাবনাও টিকে আছে এখনও। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আইভরি কোস্ট, ১ পয়েন্ট নিয়ে চারে কুরাসাও। 

আসন্ন ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে জার্মানি ও একুয়েডর। ২০০৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে জিতেছিল জার্মানি। আর ২০১৩ সালে প্রীতি ম্যাচে জার্মানরা জিতেছিল ৪-২ গোলে। এবারের মতো সেই ম্যাচটিও যুক্তরাষ্ট্রে, ফ্লোরিডায়।

১১ 

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে জার্মানি। একুয়েডরের বিপক্ষে জিতলে নিজেদের টানা জয়ের রেকর্ড স্পর্শ করবে তারা, যেটা তারা গড়েছিল ১৯৭৯ সালের মে থেকে ১৯৮০ সালের জুনের মধ্যে।  

৫৬

এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম দুই ম্যাচে বদলি নেমে স্রেফ ৫৬ মিনিট খেলেই তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন দেনিস উন্দাফ। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করে তিনিই ছিলেন নায়ক। গড়ে প্রতি ১১ মিনিটে একটি করে গোল বা অ্যাসিস্ট করছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের ইতিহাসে বদলি হিসেবে নিজের প্রথম তিন ম্যাচে গোল করতে পারেননি কেউই। একুয়েডরের বিপক্ষেও বদলি নামলে সেই ইতিহাস গড়ার হাতছানি থাকবে উন্দাফের সামনে।

জার্মানির খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে গোল করার কীর্তি আছে জার্ড মুলার (১৯৭০ সালে) ও মিরোস্লাভ ক্লোসার (২০০২ সালে)।

প্রথম দুই ম্যাচ জেতায়, চতুর্থবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের হাতছানি জার্মানির সামনে। এর আগে ১৯৭০, ১৯৭৪ (দ্বিতীয় গ্রুপ পর্ব) ও ২০০৬ সালে এই স্বাদ পেয়েছিল তারা।

১০

দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বে ১০ ম্যাচ খেলে অপরাজিত আছে জার্মানি (৭ জয়, ৩ ড্র)। আর ওই ম্যাচগুলোতে জার্মানরা কেবল পাঁচটি গোল হজম করেছে।

অন্যদিকে একুয়েডর, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পর্তুগালকে ৩-২ গোলে হারানোর পর থেকে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে টানা ৯ ম্যাচে জয়হীন রয়েছে (৫ ড্র, ৪ হার)। তবে সবশেষ চারটির মধ্যে তিনটিই ড্র হয়েছে, যার সবশেষটি এই বছরের মার্চে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র।

একুয়েডর এই বিশ্বকাপে তাদের প্রথম দুই ম্যাচেই গোল করতে ব্যর্থ হয়েছে। দক্ষিণ আমেরিকান দলগুলোর মধ্যে পুরো বিশ্বকাপে একটিও গোল করতে না পারার নজির আছে শুধু বলিভিয়ার- ১৯৩০ (২ ম্যাচ) ও ১৯৫০ (১ ম্যাচ)।