সবকিছু গুছিয়ে নিতে আরও সময় পাচ্ছে কিংস-আবাহনী-ফকিরেরপুল
দ্বিতীয় দফায় বাড়ানো সময় ১১ অগাস্ট শেষ হওয়ার দুই দিন পর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন সিদ্ধান্ত জানাল।
ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা, ক্লাব লাইসেন্সিং কিংবা দলবদলের জন্য তৃতীয় দফায় সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে, বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ২০২৬-২৭ মৌসুমের জন্য সবকিছু গুছিয়ে নিতে সময় পাচ্ছে আরও।
সময় বাড়ানোর এই প্রক্রিয়া বাফুফে নিয়মিতই করে চলেছে! লাইসেন্সিংয়ের শর্তসমূহ পূরণের জন্য দলগুলোকে এর আগে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি সময় দিয়েছিল ৩ অগাস্ট পর্যন্ত। প্রথম দফায় তা বাড়িয়ে ৭ অগাস্ট করা হয়। এরপর, দ্বিতীয় দফায় ১১ অগাস্ট করেছিল বাফুফে।
দুই দিন আগে সেই সময়সীমাও শেষ হয় যায়; কিন্তু বাফুফে কিছুই জানায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিজ্ঞপ্তি দিয়ে তৃতীয় দফায় সময় বাড়ানোর কথা জানাল তারা।
“বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিং-এর শর্তসমূহ পূরণের সময়সীমা আগামী ১৭ অগাস্ট পর্যন্ত এবং অন্তর্বর্তীকালীন খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময়সীমা ১৯ অগাস্ট, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”
২০২৬-২৭ মৌসুমের দলবদলের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ফিফা নিষেধাজ্ঞা এবং ক্লাব লাইসেন্স না থাকায় ওই তিনটি দল দলবদলের কার্যক্রম চালিয়ে নিতে পারছে না।
তাদের মধ্যে ফকিরেরপুল ইয়ংমেন্স গত লিগ থেকে অবনমিত হয়ে যায়। বাফুফের নির্বাহী কমিটি জরুরি মিটিং করে আরামবাগ ক্রীড়া সংঘের সাথে ফকিরেরপুলকে নতুন মৌসুমে খেলার জন্য অবনমন প্রত্যাহার করে নেয় কয়েকদিন আগে। তবে, দলটির ওপর ফিফার দুটি নিষেধাজ্ঞা রয়েছে খেলোয়াড় ও স্টাফদের বকেয়া পরিশোধ না করার ইস্যুতে।
একই কারণে বসুন্ধরা কিংসের ওপর ১৪টি ও আবাহনীর ওপর আপাতত একটি নিষেধাজ্ঞা রয়েছে।
তিনটি নিষেধাজ্ঞার দুটির সুরাহা আবাহনী এরই মধ্যে করেছে।
