২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কঠিন সময়ে তিউনিসিয়ার কোচ হয়ে আক্ষেপ নেই হোনাহর

ধৈর্য নিয়ে ভবিষ‍্যৎ জানার জন‍্য অপেক্ষা করছেন অভিজ্ঞ ফরাসি কোচ।

কঠিন সময়ে তিউনিসিয়ার কোচ হয়ে আক্ষেপ নেই হোনাহর
তিউনিসিয়ার কোচ এহভে হোনাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 02:32 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

স্বল্প সময়ে খুব একটা উন্নতির ছাপ রাখতে পারেননি এহভে হোনাহ। সব ম‍্যাচে হেরে শূন‍্য হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া। কঠিন সময়ে দলটির দায়িত্ব নিয়ে আক্ষেপ নেই ফরাসি কোচের। ধৈর্য নিয়ে ভবিষ‍্যৎ জানার জন‍্য অপেক্ষা করছেন তিনি। 

সুইডেনের বিপক্ষে ৫-১ ব‍্যবধানে হারে আসর শুরু করে তিউনিসিয়া। ওই দিনই সাবরি লামৌচিকে বিদায় করে দেয় দেশটির ফুটবল ফেডারেশন। খুব স্বল্প সময়ের নোটিশে কোচ হয়ে আসেন হোনাহ। জাপানের বিপক্ষে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তিউনিসিয়া আর শেষ ম‍্যাচে নেদাল‍্যান্ডসের বিপক্ষে হারে ৩-১ গোলে। 

ম‍্যাচ শেষে হোনাহ বললেন, এখন সময় ঠাণ্ডা মাথায় ভবিষ‍্যতের সিদ্ধান্ত নেওয়ার।

“খুব ছোট্ট একটা অভিযানের জন‍্য ফেডারেশন আমাকে ডাক দিয়েছিল… এই সময়টা যথেষ্ট ছিল না। তবে আমাকে ডাকায় ফেডারেশনকে ধন‍্যবাদ। এই কাজ নেওয়ায় কোনো আক্ষেপ নেই।”

“এখন সময় সবার বাড়ি ফিরে যাওয়ার। এরপর আমরা দেখব ভবিষ‍্যতে কী অপেক্ষা করছে। তিউনিসিয়া ফেডারেশনের উচিত আলোচনায় বসা, সবকিছু বিশ্লেষণ করা। একটু সময় নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, কখনও কখনও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সেরা কাজ নয়।”