১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলিসনের চলে যাওয়া হবে লিভারপুলের জন্য ‘বড় ধাক্কা’

তবে আপাতত এমন কিছুর সম্ভাবনা দেখেন না লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

আলিসনের চলে যাওয়া হবে লিভারপুলের জন্য ‘বড় ধাক্কা’
আলিসন (বাঁয়ে) ও ভার্জিল ফন ডাইক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

এবারের গ্রীষ্মে লিভারপুল ছাড়তে পারেন আলিসন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখেন না ভার্জিল ফন ডাইক। আর যদি শেষ পর্যন্ত অ্যানফিল্ড ছাড়েন ব্রাজিলিয়ান গোলরক্ষক, তাহলে সেটা লিভারপুলের জন্য বড় এক ধাক্কা হয়ে আসবে বলে মনে করছেন এই ডিফেন্ডার।

চলতি শুরুর দিকে আলিসনের চুক্তিতে থাকা এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগটি কাজে লাগিয়েছে লিভারপুল যার ফলে ইংলিশ ক্লাবটিতে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত।

যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে অনেকদিন ধরে মাঠের বাইরে আছেন আলিসন। লিভারপুল তাকে সবশেষ পেয়েছিল গত ১৯ মার্চ, চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে।

গণমাধ্যমের খবর, অভিজ্ঞ আলিসনকে ইতালিতে ফেরানো চেষ্টা করছে সেরি আর ক্লাবগুলো। বিশেষ করে, তাকে নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ইউভেন্তুস। 

আলিসনকে সামনেও লিভারপুলে দেখতে চান ফন ডাইক। তবে এনিয়ে খুব বেশি চিন্তিত নন ক্লাবটির অধিনায়ক।

“এমন একদিন আসবেই, যখন আপনাকে এমনকি আমাকেও চলে যেতে হবে। যদি এমন কিছু ঘটে, যা নিয়ে আমার কোনো ধারণা নেই এবং এই মুহূর্তে আমার মনে হয় না তারও (আলিসন) কোনো ধারণা আছে; তবে ক্লাব হিসেবে আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।”

“আমরা একসঙ্গে অনেক ভালো সময় এবং দুর্ভাগ্যবশত কিছু খারাপ সময় কাটিয়েছি। তাই সে চলে গেলে নিশ্চিতভাবেই বড় ধাক্কা ও বড় ঘাটতি হবে। তবে আমার মনে হয়, কী হবে না হবে সেটা নিয়ে আগাম চিন্তা করাটা এখন ঠিক হবে না।”

দলের জন্য আলিসন কতটা গুরুত্বপূর্ণ, সেটা তুলে ধরার চেষ্টা করেন ফন ডাইক। 

“দলের নেতাদের একজন হিসেবে সে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠেও সে গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের সেরাদের একজন সে, আর আমার চোখে বিশ্বের সেরা গোলরক্ষক। সে দ্রুত সেরে ওঠার চেষ্টা করছে, যাতে শেষ চারটি ম্যাচে আমাদের সাহায্য করতে পারে; এখন সেটাই আমাদের মূল লক্ষ্য। এর পরে কী হবে তা নিয়ে আমাকে প্রশ্ন করা উচিত নয়।”

“আমি কি চাই সে থাকুক? অবশ্যই, এনিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে যেকোনো কিছু অনুভব করতে পারে। গুঞ্জন থাকবেই, তবে যদি নিশ্চিত কোনো খবর আসে তবে আমরা সবাই জানতে পারব। আপাতত আমি মোটেও চিন্তিত নই।”

আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে লিভারপুল। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে তারা।