ইংলিশ ফুটবল
Published : 01 Jan 2026, 04:29 PM
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে মৌসুমের প্রথমভাগটা একদমই আশানুরূপ কাটেনি লিভারপুলের। হতাশার সময়টা পেছনে ফেলে সামনে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ইংলিশ ক্লাবটির কোচ আর্না স্লট। তার বিশ্বাস, দলের নতুন খেলোয়াড়রা মৌসুমের দ্বিতীয়ভাগে নিজেদের মেলে ধরবেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা দারুণ করেছিল লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর, সেপ্টেম্বরের শেষ দিকে এসে প্রথম ধাক্কা খায় দলটি; হেরে বসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এই প্যালেসের বিপক্ষেই মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ডে হেরেছিল স্লটের দল।
প্রিমিয়ার লিগের ওই পরাজয়ের পর যেন পথ হারিয়ে ফেলে লিভারপুল। লিগে পরের তিন ম্যাচেও হেরে যায় অ্যানফিল্ডের ক্লাবটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে ছন্দে ফেরার আভাস দিয়ে ফের ব্যর্থতার বলয়ে ঢুকে যায় তারা।
ডিসেম্বরে ব্যর্থতার সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে অপরাজিত আছে দলটি। তবে মাঝের সময়টা খারাপ কাটায় লিগ টেবিলে চতুর্থ স্থানে থেকে বছর শেষ করে লিভারপুল।
দলের মতো খারাপ সময় কেটেছে গত জুনে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে তখনকার ক্লাব রেকর্ড ১০ কোটি পাউন্ডে লিভারপুলে আসা ফ্লোহিয়ান ভিয়েৎসেরও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলে স্রেফ একটি গোল করতে পেরেছেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। সতীর্থের ছয়টি গোলে রেখেছেন অবদান।
গত জুনে আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন ফরাসি ফরোয়ার্ড উগো একিটিকে। ভিয়েৎসের মতো অতটা খারাপ অবশ্য নয় তার পারফরম্যান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে মাঠে নেমে ১১ গোল করেছেন তিনি।
তবে তাদের কাছ থেকে তো আরও বেশি প্রত্যাশা লিভারপুলের। স্লটের আশা, সময়ের সঙ্গে আরও ক্ষুরধার হয়ে উঠবেন দলে আসা নতুন খেলোয়াড়রা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার নতুন বছর শুরু করবে লিভারপুল। মৌসুমের দ্বিতীয় অংশে ভিয়েৎস ও একিটিকে ভালো করতে পারবেন কিনা, আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে ডাচ কোচ দৃঢ়কণ্ঠে বলেন, “হ্যাঁ, হ্যাঁ, আমি নিশ্চিত। এটা কেবল নতুন খেলোয়াড়দের ক্ষেত্রেই নয় (অন্যরাও জ্বলে উঠবে)।”
“দলে যদি অনেক নতুন খেলোয়াড় আনা হয় এবং অনেকে চলে যায়, সেক্ষেত্রে অন্তত আমি যদি আমার কাজটা ভালোভাবে করি, তাহলে তারা যত বেশি সময় এখানে থাকবে, অনুশীলনে ও মাঠে যখন আরও বেশি সময় কাটাবে, তখন ভালো ফুটবল খেলবে।”
“এমনটাই গত মৌসুমে দেখা গেছে, কারণ ওই দলটি আগের বছরের দল ছিল, ইয়ুর্গেন ক্লপের কোচিংয়ে খেলেছিল। গত মৌসুমের প্রথমভাগে আমরা খুবই ভালো ফুটবল খেলেছিলাম। ওইটা আমাদের (শিরোপা জিততে) সহায়তা করে।”
লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১০ জয় ও ২ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৩২। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।
আর চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আছে নবম স্থানে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ৬ ম্যাচে চারটি জিতেছে দলটি।