Published : 27 Apr 2026, 06:33 PM
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন কি না, তা নিয়ে আলোচনার মধ্যেই আরেক ধাক্কা খেয়েছেন এই তারকা। ভাইরাল সংক্রমণের কারণে সান্তোসের অনুশীলনে ছিলেন না তিনি।
মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে সান্তোস। গত শনিবার বাহিয়ার বিপক্ষে লিগ ম্যাচের জন্য দলের সঙ্গে না যাওয়া সতীর্থদের সঙ্গে রোববার অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল নেইমারের। কিন্তু সিটি রেই পেলে স্টেডিয়ামের অনুশীলনে অংশ নিতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিষয়টি নিয়ে জল্পনা শুরু হলে সান্তোস এক বিবৃতিতে নেইমারের অসুস্থতার কথা নিশ্চিত করে।
“নেইমার জুনিয়র শনিবার রাতে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হন, তাকে চিকিৎসা দেওয়া হয়, তিনি ভালো সাড়া দেন এবং সান্তোসের মেডিকেল বিভাগ তাকে পর্যবেক্ষণে রেখেছে।”
কোপা সুদামেরিকানায় মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে সান লরেন্সোর মুখোমুখি হবে সান্তোস। এখন এই ম্যাচেও নেইমারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
আসন্ন বিশ্বকাপের আগে নেইমারের প্রতিটি ছোটখাটো সমস্যাও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে বড় ধরনের চোটে পড়ার পর আর দেশের জার্সিতে ফেরা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরারের। চোটে বারবার মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে তাকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবারই বলে আসছেন, ফিটনেস শতভাগ হলেই কেবল নেইমার দলে থাকার জন্য বিবেচিত হবেন।
সাম্প্রতিক সময়ে অবশ্য সান্তোসের হয়ে উন্নতির ছাপ রেখেছেন তিনি ফিটনেস ও পারফরম্যান্সে। অসুস্থতার কারণে হলেও, অনুশীলনে না থাকাটা তার ছন্দকে ব্যাহত করতে পারে। অবস্থার উন্নতি হলে সোমবার বুয়েন্স আইরেসে সান্তোস দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।