১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

৩ গোলে জিতেও বিদায় নিয়ে অজুহাত খুঁজছেন না রাফিনিয়া

নিজেদের ঘাটতি মেনে নিয়েই সামনের সম্ভাবনার দিকে তাকিয়ে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা।

৩ গোলে জিতেও বিদায় নিয়ে অজুহাত খুঁজছেন না রাফিনিয়া
বড় জয়ের পর বিদায়ের হতাশা রাফিনিয়ার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 02:08 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

৩-০ গোলে জয়ের পরও বাদ পড়লে হাহাকার ওঠা অস্বাভাবিক নয়। নানা আক্ষেপ-অজুহাতের সুযোগও থাকে। তবে রাফিনিয়া সেই পথ বেছে নিলেন না। বাস্তবতা অকপটে মেনে নিয়েই তিনি বললেন, প্রথম লেগেই সর্বনাশ হয়ে গেছে তাদের। দ্বিতীয় লেগের পারফরম্যান্সকে প্রেরণা মেনে এখন সামনে তাকিয়ে বার্সেলোনার তারকা।

কোপা দেল রের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল সামান্যই। দ্বিতীয় লেগে তবু সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছিল তারা দারুণভাবে। কিন্তু শেস পর্যন্ত পেরে ওঠেনি একটুর জন্য।

২৯তম মিনিটে মার্ক বের্নাল দলকে এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে বের্নাল যখন আরেকটি গোল করলেন, অসাধারণ এক প্রত্যাবর্তনের হাতছানি তখন সত্যিকার অর্থেই বাস্তব। নির্ধারিত সময়ের বাকি তখনও ১৮ মিনিট। যোগ করা সময় তো ছিলই। 

কিন্তু সেই দাবি আর মেটাতে পারেননি রাফিনিয়ারা। ৩-০ গোলে মাঠ জিতে হতাশায় মাঠ ছাড়ে বার্সেলোনা। ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে যায় আতলেতিকো।

ম্যাচের পর প্রথম লেগে পেছন ফিরে তাকিয়ে নিজের ব্যর্থতার কথাই বললেন রাফিনিয়া।

“সত্যি বলতে, অজুহাত খোঁজা উচিত নয় আমাদের। প্রথম লেগে আমরা ভালো করতে পারিনি এবং যে পর্যায়ে খেলা প্রয়োজন ছিল, তা দেখাতে পারিনি। আমরা জানতাম, অজুহাত না খুঁজে মাঠের পারফরম্যান্সে ব্যবধান ঘুচিয়ে দিতে হবে আমাদের। আজকে আমরা সবটুকু দিয়ে চেষ্টা করেছি।”

সেই চেষ্টাতেই রাফিনিয়া খুঁজে পাচ্ছেন গর্ব আর সামনের প্রেরণার রসদ। ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের মতে, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে হাসিমুখে মৌসুম শেষ করতে পারবে তাদের দল। 

“এই ধরনের ম্যাচ দল নিয়ে গর্ব করার সুযোগ করে দেয়। এভাবে যদি খেলতে পারি আমরা, মৌসুমের শেষটা আমাদের দুর্দান্ত হবে। আমি নিশ্চিত, আমাদের সমর্থকরাও গর্বিত দলকে এভাবে খেলতে দেখে। এমন একটি দলের সঙ্গে আমরা খেলেছি, যারা নিজেদের মতো ভালো ডিফেন্স করতে পারে। এমন দলের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি আজকে।”