‘আতলেতিকো ম্যাচ কঠিন হবে’, চোট-জর্জর দল নিয়ে বললেন ফ্লিক
কিছু বিষয় অনুকূলে না থাকলেও প্রতিপক্ষের মাঠ থেকে কাঙ্ক্ষিত জয় নিয়ে ফিরতে আশাবাদী বার্সেলোনা কোচ।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে একের পর চোটের থাবায় জেরবার অবস্থা বার্সেলোনার। প্রতিকূল স্রোতে সাঁতরাতে হচ্ছে হান্সি ফ্লিককে। কোপা দেল রের শিরোপা ধরে রাখতে হলে এবার বার্সেলোনাকে পেরুতে হবে আতলেতিকো মাদ্রিদের বাধা। কাতালান দলটির কোচ মানছেন, কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য।
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি বৃহস্পতিবার বার্সেলোনা খেলবে আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে খেলা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্কাস র্যাশফোর্ডকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন ফ্লিক। আগে থেকেই মাঠের বাইরে আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন ও গাভি; চোট আছে মাঝমাঠের বড় ভরসা পেদ্রির; একই কারণে ছিটকে গেছেন আক্রমণের নির্ভরতা রাফিনিয়াও। ফ্লিকও অনুভব করছেন, তার সামনে কঠিন পথ।
“আমাদের কিছু সমস্যা রয়েছে। র্যাশফোর্ড প্রস্তুত নয়, সে একটু ব্যথা পেয়েছিল, যেটা ভালো খবর নয়, কিন্তু দলের প্রতি আমার বিশ্বাস আছে। পরিস্থিতি আমাদের জন্য সহজ নয়। চমৎকার একটা দলের বিপক্ষে খেলব আমরা। বেতিসের বিপক্ষে তাদের ম্যাচটি দেখেছিলাম এবং এটা ছিল মুগ্ধকর। চোলো (দিয়েগো সিমিওনে, আতলেতিকো কোচ) আতলেতিকোয় দুর্দান্ত কাজ করছে। ওই ম্যাচে যেটা দেখেছিলাম, আমি আসলেই সেটার প্রশংসা করি। এটা কঠিন ম্যাচ হবে।”
“ধাপে ধাপে রাফিনিয়াকে পর্যবেক্ষণ করব আমরা। আমাদেরকে তার যত্ন নিতে হবে। সে দলের জন্য সবটুকু নিংড়ে দেয় এবং দলের প্রতি নিবেদিত। যদি সে কিছু অনুভব করে, আমাদের সতর্ক হতে হবে। পরিস্থিতি এটাই। এটা নিয়ে আমি খুশি নই। কেননা, পেদ্রি, গাভি, আন্দ্রেয়া বা মার্কাসের মতো তাকেও আমাদের প্রয়োজন।”
এই দুঃসময়ে অতীত পরিসংখ্যানে অবশ্য বার্সেলোনার জন্য আছে অনুপ্রেরণার রসদ। সবশেষ তিন দেখায় আতলেতিকোর বিপক্ষে জয় তাদের। কিন্তু এবার চোট-জর্জর দল নিয়ে ভীত কিনা-এমন প্রশ্নে অবশ্য কৌশলী উত্তর দিয়েছেন ফ্লিক। প্রতিপক্ষের মাঠের কন্ডিশন নিয়েও কথা বলেছেন এই জার্মান কোচ।
“এটা অনুভূতির ব্যাপার। আপনাকে নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে এবং এটাই করতে হবে এবং আমাদেরকে সেজন্য সাহায্য করতে হবে।”
“এটা (মাঠ) ভালো নয়। মাঠের প্রতি আমাদের যত্নবান হতে হবে। স্পেনে সাধারণত কন্ডিশন চমৎকার হয়। আশা করি, আগামীকাল ভালো হবে।”
কোপা দেল রের গত আসরে সেমি-ফাইনালেই দেখা হয়েছিল দুই দলের। প্রথম লেগে নিজেদের মাঠে রোমাঞ্চকর ৪-৪ ড্রয়ের পর, ফিরতি লেগে মেত্রোপলিতানোয় ১-০ ব্যবধানের স্বস্তির জয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। পরে রেয়াল মাদ্রিদকে হারিয়ে উঁচিয়ে ধরেছিল শিরোপা। এবার প্রথম লেগে তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। কাম্প নউয়ের ফিরতি লেগ নিয়ে তাই এখনই ভাবছেন না ফ্লিক।
“দুটি ম্যাচ নির্ধারণ করবে কারা ফাইনালে উঠবে। পেছন ফিরে দেখলে, গত মৌসুম কঠিন ছিল। প্রথম লেগের ম্যাচ আমরা খেলেছিলাম ঘরের মাঠে এবং সেটা ছিল অবিশ্বাস্য এক ম্যাচ। এটা দুই ম্যাচের খেলা, আমাদের ভালো খেলতে হবে। এটা ১৮০ মিনিটের বেশি কিছু। আমরা প্রস্তুত এবং ফাইনাল খেলতে চাই।”
চাওয়া পুরণে লামিনে ইয়ামাল, মাঝে একটু ছন্দ হারানো জুল কুন্দের দিকে আরও বেশি প্রত্যাশা নিয়ে তাকিয়ে বার্সেলোনা কোচ।
“জুল একজন যোদ্ধা। সে সবসময়ই মনোযোগী। আমরা সবাই মানুষ এবং কখনও কখনও সেরা দিনটি আপনি পাবেন না, কিন্তু সে সবসময়ই লড়াই করছে; এমনকি যখন সে ভালো শুরু পাচ্ছে না। সে যা করছে, তার প্রশংসা করি আমি।”
“ইয়ামাল যাই করে, তার সবকিছু নিয়েই আমি খুশি। মাঠে সে সবসময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে দুর্দান্ত একজন খেলোয়াড় এবং ফুটবলের যে বিষয়গুলো আমরা ভালোবাসি; ড্রিবলিং, ওয়ান-অন-ওয়ান সমার্থ্য, সবকিছু করার সক্ষমতা আছে তার। তাকে দেখাটা উপভোগ্য।”
