পেছাল কিংস-মোহামেডান ফেডারেশন কাপ ম্যাচ
ফর্টিস এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার মাঠে গড়াবে।
বিজয় দিবস উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ফেডারেশন কাপ ম্যাচটি। মঙ্গলবারের পরিবর্তে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ডিসেম্বর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী আগের সূচি অনুযায়ী মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় গড়াবে ফর্টিস এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি।
কিংস ও মোহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এ মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন থাকায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
‘বি’ গ্রুপে টেবিলে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এই প্রতিযোগিতার ১১বারের চ্যাম্পিয়ন মোহামেডান। ফর্টিসের সাথে ১-১ ড্র করে আসা বসুন্ধরা কিংস এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। কিংস এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।
