২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভিলার বিপক্ষে হারকে শক্তিতে পরিণত করতে চান টিম্বার

অ‍্যাস্টন ভিলার বিপক্ষে হার মেনে নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ দিলেন আর্সেনালের এই ডিফেন্ডার।

ভিলার বিপক্ষে হারকে শক্তিতে পরিণত করতে চান টিম্বার
অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সের সঙ্গে বল দখলের লড়াইয়ে ইউরিয়েন টিম্বার (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ম‍্যাচের শেষ শটে হারের তেতো স্মৃতি যত দ্রুত সম্ভব ভুলে গিয়ে দলকে কক্ষপথে দেখতে চান আর্সেনাল ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। অ‍্যাস্টন ভিলার বিপক্ষে হারকে শক্তিতে পরিণত করে শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে চান তিনি। 

গত কয়েক মৌসুম ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে মিকেল আর্তেতার দলের শিরোপা স্বপ্নে জোর ধাক্কা দিচ্ছে ভিলা। এবার তাদের বিপক্ষে আর্সেনালের হার এবং নিজেদের ম‍্যাচে ম‍্যানচেস্টার সিটির জয়ে শীর্ষ দুই দলের মধ‍্যে ব‍্যবধান নেমে এসেছে দুই পয়েন্টে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম‍্যাচ অপরাজিত থেকে ভিলার মুখোমুখি হয় আর্সেনাল। এবার ভাগ‍্য বদলের ব‍্যাপারে আশাবাদীও ছিলেন আর্তেতা। সেই অজেয় যাত্রা থামার পর এবার সতীর্থদের সামনে তাকানোর তাগিদ দিলেন টিম্বার।

“আমার মনে হয়, দিন শেষে আপনার এটাকে অনুপ্রেরণা হিসেবে, শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। কারণ, এমনটা ঘটে এবং আমাদের সেটা মেনে নিতে হবে এবং আমাদের ভালো হয়ে উঠতে হবে।” 

এমনিতে একজন রাইট ব‍্যাক হলেও চোটের জন‍্য উইলিয়াম সালিবা ও গাব্রিয়েলের অনুপস্থিতিতে আপাতত সেন্টার ব‍্যাক হিসেবে খেলছেন টিম্বার। কয়েক সপ্তাহের জন‍্য ছিটকে গেছেন ক্রিস্তিয়ান মসকেরাও। টিম্বার বললেন, খেলোয়াড়দের চোটের জন‍্য ভুগতে হচ্ছে তাদের। 

“আমি মনে করি, আমাদের দারুণ একটি স্কোয়াড আছে। আমার মনে হয়, যারাই মাঠে নামে সব সময়ই খুব ভালো খেলে। তবে অবশ‍্যই এটা সব সময় সহজ নয়।”

“আমরা প্রতি সপ্তাহে একই খেলোয়াড় নিয়ে খেলতে পারব না। এর মধ‍্যে যদি খেলোয়াড়রা আবার ছিটকে যায়, তাহলে এটা কঠিন। আমার মনে হয়, প্রতিটি ক্লাবের ক্ষেত্রেই এটা ঘটে, আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। আমাদের এটা সামলাতে হবে এবং ম‍্যাচগুলো জিততে হবে।”

১৫ ম‍্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিটি। ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলা। 

আগামী বুধবার চ‍্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের মুখোমুখি হবে আর্সেনাল।