Published : 01 Sep 2025, 08:26 PM
নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করেছেন হাভিয়ের কাবরেরা। অনেক টানাপোড়েনের পর রোববার ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা। এখন অপেক্ষা হামজা চৌধুরীকে নিয়ে। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে আসছে সফরে পাওয়া যাবে কিনা, তা নিয়ে আছে দোটানা।
আগামী ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দিন পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সোমবার জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতির ফাঁকে হামজাকে নিয়ে অনিশ্চয়তা, তিনি না এলে বিকল্প কী-এসব নিয়ে কথা বলেন জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, টিম ম্যানেজার আমের খান ও কোচ কাবরেরা।
হামজার খেলার বিষয়ে প্রশ্ন করা হলে কাবরেরা বল ঠেলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোর্টে। তবে এই স্প্যানিশ কোচ বিকল্পও ভেবে রেখেছেন।
“এটা ম্যানেজমেন্টের বিষয়। তারা দেখছেন। এই দল প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত নাও আসতে পারে, সমস্যা হবে না।”
টিম ম্যানেজার আমের খান জানালেন হামজার সাথে কথা চলছে তাদের।
“গতকালও এই বিষয়ে বলেছি। এখনও সেই পর্যায়ে রয়েছে। গতকাল রাতেও হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। সে বিষয়টি দেখছে।”
সবশেষ সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কত্ব করা তপু জানালেন, সব পরিস্থিতির জন্যই প্রস্তুত আছেন তারা।
“আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তবে তার ব্যস্ত সূচি রয়েছে, সে আসার চেষ্টা করছে, যতটুকু জেনেছি। এরপরও যদি আসতে না পারে, আমাদের একটু কষ্ট হবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।”