তিউনিসিয়াকে কোচের বার্তা, আর ভুল করা চলবে না
সাবরি লামৌচি বলেছেন, সুইডেনের বিপক্ষে অসংখ্য ভুলের চড়া মাশুল দিয়েছে তার দল।
সুইডেনের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় হারে বিশ্বকাপ শুরুর পর তিউনিসিয়া কোচ সাবরি লামৌচি বলেছেন, একের পর এক ভুলের চড়া মাশুল দিয়েছে তার দল। দলকে সতর্ক করে তিনি বললেন, বিশ্বকাপে টিকে থাকতে একই ধরনের ভুল আর করা যাবে না।
বিশ্বকাপ বাছাইপর্বে কোনো গোল হজম না করার রেকর্ড গড়ে বিশ্বমঞ্চে আসে তিউনিসিয়া। কিন্তু প্রথম ম্যাচেই সুইডেনের বিপক্ষে তাদের রক্ষণ ভেঙে পড়ে। রক্ষণভাগের একের পর এক ভুলে পাঁচবার জালে বল জড়ায়। এমন হতাশাজনক হার মেনে নিতে কষ্ট হচ্ছে লামৌচির।
“ম্যাচ হারা কষ্টকর, বেদনাদায়ক। বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা অনেক কঠিন। সুইডেনের মতো দলের বিশ্বমানের ফরোয়ার্ডদের বিপক্ষে ভুল করলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।”
“আমরা ম্যাচে অতিরিক্ত ভুল করেছি।”
১-১ গোলের সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা তিউনিসিয়া বাকি সময়ে হজম করে চার গোল।
সুইডেনের বিপক্ষে হারের পর, ‘এফ’ গ্রুপে পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান ও নেদারল্যান্ডস। এই দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী দলটির কোচ।
“আমাদের আত্মসম্মান আছে, ঘুরে দাঁড়াতে হবে। মাঠের খেলায় আরও ভালো কিছু দেখাতে হবে।”
