ইরাওলার কোচিংয়ে মানিয়ে নিতে সময় চাইলেন ইসাক
নতুন কোচ যেভাবে চান সেভাবেই খেলতে কঠোর পরিশ্রম করে যাওয়ার কথা বললেন লিভারপুলের এই স্ট্রাইকার।
নতুন মৌসুমে প্রথম দুই রাউন্ড শেষে লিভারপুলের জয়শূন্য থাকার পেছনে দলের কোচ পরিবর্তনের কিছুটা দায় দেখছেন আলেকসান্দার ইসাক। সুইডিশ এই স্ট্রাইকারের মতে, আন্দোনি ইরাওলার কোচিংয়ে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন তাদের। তার বিশ্বাস, একবার মানিয়ে নিতে পারলে ইতিবাচক ফল আসতেই থাকবে।
অ্যানফিল্ডে শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন ইসাক ও ভিক্তর মুনিয়োস।
ম্যাচ শেষে টিএনটির সঙ্গে আলাপচারিতায় নতুন কোচ ইরাওলার কোচিংয়ে মানিতে নিতে কিছুটা সময় চাইলেন ইসাক।
“নতুন ঘরানার সঙ্গে মানিয়ে নিতে সবসময়ই কিছুটা সময় লাগে। তিনি যেভাবে চান, সেভাবে খেলতে আমরা কঠোর পরিশ্রম করছি। যখন সেটা আমরা ভালোভাবে করতে পারব, আমার কোনো সন্দেহ নেইৱ তখন ফলও আসবে।”
দ্বিতীয়ার্ধে লিভারপুলের গোলটি করেন ইসাক। নিজের মূল কাজ করতে পেরে খুশি সুইডিশ স্ট্রাইকার।
“স্ট্রাইকার হিসেবে এটাই আমার আসল কাজ। প্রথম গোল করতে পেরে আমি খুব খুশি। সব স্ট্রাইকারই প্রতিটি ম্যাচ খেলে গোল করতে চায়।”
দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে আপাতত ১০ নম্বরে আছে লিভারপুল।
