১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অলিম্পিয়াকোসকে হারিয়ে আর্সেনালের শক্তির গভীরতার প্রশংসায় আর্তেতা

ছয় পরিবর্তন এনে চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচের শুরুর একাদশ সাজিয়েছিলেন আর্সেনাল কোচ।

অলিম্পিয়াকোসকে হারিয়ে আর্সেনালের শক্তির গভীরতার প্রশংসায় আর্তেতা
ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

বেঞ্চে শক্তি বাড়ায় চ‍্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে আরও দূরে যাওয়ার সামর্থ‍্য আর্সেনালের মাঝে দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা। শুরুর একাদশে ছয়টি পরিবর্তন এনে অলিম্পিয়াকোসের বিপক্ষে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

ইউরোপ সেরার মঞ্চে গতবার সেমি-ফাইনালে উঠেছিল আর্সেনাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলটি হেরেছিল শেষ পর্যন্ত শিরোপা জেতা পিএসজির কাছে। 

ব‍্যস্ত সূচির মাঝে চোট শঙ্কা এড়াতে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া জরুরি। বুধবার রাতে সেটি করতে পেরেছেন আর্তেতা। ডেকলান রাইস, এবেরেচি এজে ও বুকায়ো সাকার মতো খেলোয়াড়দের শুরুর একাদশে না রেখেও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। 

ঘরের মাঠে দ্বাদশ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। বদলি নেমে যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড সাকা।

জয়ের পর বেঞ্চের গভীরতা বাড়ার প্রসঙ্গে বলতে গিয়ে গত আসরের সঙ্গে তুলনা টানলেন আর্তেতা। 

“সম্মান রেখেই বলছি, গত মৌসুমে আমরা (বেঞ্চের দিকে) তাকিয়ে ছিলাম এবং সেখানে একাডেমির পাঁচজন খেলোয়াড় ছিল, যাদের কেউই সম্ভবত কোনো পেশাদার ম্যাচ খেলেনি। তাই এটা পার্থক্য গড়ে দেয়। আজ আমরা ছয়টি পরিবর্তন করেছি কারণ আমি চাই সবাই সত‍্যিই সম্পৃক্ত থাকুক, নিজেকে অংশীদার মনে করুক, এটা ছিল অসাধারণ।”

প্রিমিয়ার লিগে গত রোববার নিউক‍্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় আর্সেনাল। ৮৩তম মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর শেষ সময়ের দুই গোলে নাটকীয় জয় পায় আর্তেতার দল। কোচের উপলব্ধি, সেই তীব্র লড়াইয়ে শারীরিকভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা। সে কারণ পরিবর্তন আনা জরুরি ছিল এবং সেটা কাজে লাগায় ভীষণ খুশি তিনি।   

“আমি খুব খুশি। চ্যাম্পিয়ন্স লিগে ম‍্যাচ জেতা সবসময় কঠিন। আমরা খুব ভালোভাবে শুরু করি, একটা গোল পাই, অনেকবার ভীতি ছড়াই এবং দুটি বা তিনটি বড় সুযোগ পাই। এই প্রতিযোগিতায় যখন এমন সুযোগগুলো আপনি কাজে লাগাতে পারবেন না তখন (ফল নিয়ে) সাবধান থাকতে হবে।” 

“ওদের গোল করা রুখে দিতে আমাদের একটি অবিশ্বাস্য সেভ করতে হয়েছে, এই প্রতিযোগিতায় এটাও আপনার প্রয়োজন হবে।”

চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচের দুটোই জিতে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে তালিকার ৫ নম্বরে আছে আর্সেনাল। ড্রয়ে আসর শুরু করা অলিম্পিয়াকোস ১ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে।