১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভ্রমণ জটিলতায় বিশ্বকাপের প্লে-অফ পেছাতে বললেন ইরাক কোচ

চূড়ান্ত পর্ব শুরু হওয়ার এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে ম‍্যাচটি খেলতে চান গ্রাহাম আর্নল্ড।

ভ্রমণ জটিলতায় বিশ্বকাপের প্লে-অফ পেছাতে বললেন ইরাক কোচ
ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ইরানে হুট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর মধ‍্যপ্রাচ‍্যজুড়ে ভ্রমণের ক্ষেত্রে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষ দিকে মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্লে-অফ পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড।  

আগামী ৩১ মার্চ বলিভিয়া কিংবা সুরিনামের বিপক্ষে খেলার কথা ইরাকের। আর্নল্ডের শঙ্কা, মধ‍্যপ্রাচ‍্যে বিমান চলাচল বন্ধ থাকায় হয়তো খেলোয়াড় ও স্টাফদের সময়মতো মেক্সিকো নিয়ে যেতে পারবেন না তারা। 

আর্নল্ড মনে করেন, কেবল ইরাকের বাইরে বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের নিয়ে দল গঠন করা হলে ১৯৮৬ সালের পর তাদের প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্ন বাধাগ্রস্ত হবে।

“ইরাকের মানুষ ফুটবল নিয়ে এতোটা আবেগী যে, এটা পাগলামির পর্যায়ে পড়ে। তারা ৪০ বছর ধরে মূল পর্বে খেলছে না, আমার এই চাকরি নেওয়ার সম্ভবত সেটাই ছিল মূল কারণ।”

“তবে এই পর্যায়ে যখন বিমানবন্দরগুলো বন্ধ হয়ে আছে, তখন আমরা বিকল্প পথ বের করতে কঠোর পরিশ্রম করছি।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হুট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ করার পর থেকে ইরাকের আকাশসীমা বন্ধ রয়েছে। 

আগামী ২৬ মার্চ মেক্সিকোর মন্তেরেইয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সেমি-ফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। জয়ী দল এর পাঁচ দিন পর ফাইনালে ইরাকের মুখোমুখি হওয়ার কথা। 

বর্তমান পরিস্থিতিতে এই ম‍্যাচের জন‍্য সময় চাইলেন ইরাকের কোচ আর্নল্ড। 

“আমার মনে হয়, ফিফা যদি ম‍্যাচ পিছিয়ে দেয় তো এটা আমাদের যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার সময় দেবে। বলিভিয়া ও সুরিনাম এই মাসেই খেলুক। এরপর বিশ্বকাপের এক সপ্তাহ আগে জয়ী দলের বিপক্ষে আমরা যুক্তরাষ্ট্রে খেললাম। জয়ী দল সেখানে থেকে যাবে, পরাজিত দল বাড়ি ফিরবে।” 

“ইরাকের সবার স্বপ্ন সত‍্যি করার জন‍্য, আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট আদনান দিরজাল দিনরাত মিলিয়ে একটি পরিকল্পনা দাঁড় করানোর চেষ্টা করছেন। তাই আমাদের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে।” 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। 

আর্নল্ডের এই প্রস্তাবের ব‍্যাপারে তাৎক্ষণিকভাবে ফিফার কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।