১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেলসির বিপক্ষে আলিসনকে পাবে না লিভারপুল

একই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় উগো একিতিকেকেও।

চেলসির বিপক্ষে আলিসনকে পাবে না লিভারপুল
লিভারপুলের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন বেকার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

সবশেষ ম্যাচে হারের হতাশার সঙ্গে চোটের ধাক্কাও সামলাতে হচ্ছে লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক আলিসন বেকার।

গালাতাসারাইয়ের মাঠে মঙ্গলবার রাতে ১-০ গোলে হেরেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুর দিকে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ভিক্টর ওসিমেন।

৫৪তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান ওসিমেন। তার ওই শটটি ঠেকাতে গিয়েই চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। 

ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে লিভারপুল কোচ স্লট জানান, শনিবার চেলসির বিপক্ষে বেকারকে পাওয়া যাবে না।

“এভাবে যদি (মাঠ) ছাড়তে হয়, তাহলে সেটা কখনোই ভালো লক্ষণ নয়। নিশ্চিত থাকুন, সে শনিবার খেলবে না।”

গত দুই মৌসুমেই চোটে ভুগেছেন আলিসন। গত মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অক্টোবরের শুরু থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

আলিসন মাঠ ছাড়ার কিছুক্ষণ পর চোট পান উগো একিতিকেও। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ম্যাচের ৬৮তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। চেলসির বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়েও আছে অনিশ্চয়তা।

গত শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছিল লিভারপুল। টানা দুই হারের ধাক্কা সামলে এবার জয়ে ফেরার চ্যালেঞ্জ তাদের সামনে, সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখারও।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।