১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস

মৌসুমজুড়ে চমৎকার পারফরম‍্যান্সের পুরস্কার পেয়েছেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ প্লেমেকার।

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
ব্রুনো ফের্নান্দেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 05:27 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

দুর্দান্ত পারফরম‍্যান্সের পুরস্কার পেয়েছেন ব্রুনো ফের্নান্দেস। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ষসেরা সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ মিডফিল্ডার। 

এক ম‍্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ‍্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেছেন ফের্নান্দেস। তার নৈপুণ‍্যে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করছে ইউনাইটেড। 

লিগে সর্বোচ্চ ২০টি করে অ‍্যাসিস্ট ছিল আর্সেনাল স্ট্রাইকার থিয়েরি অঁরি ও ম‍্যানচেস্টার সিটি প্লেমেকার কেভিন ডে ব্রুইনের। রোববার ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে মৌসুমের শেষ ম‍্যাচে কোনো গোলে অবদান রাখলে তাদের ছাড়িয়ে যাবেন ফের্নান্দেস। 

আসরে আটটি গোল করেছেন ইউনাইটেড অধিনায়ক। চমৎকার পারফরম‍্যান্সে দলকে ফিরিয়েছেন চ‍্যাম্পিয়ন্স লিগে। 

৩১ বছর বয়সী ফের্নান্দেসের সঙ্গে বর্ষেসরার লড়াইয়ে ছিলেন শিরোপাজয়ী আর্সেনালের গাব্রিয়েল, দাভিদ রায়া ও ডেক্লান রাইস, রানার্সআপ ম‍্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও অ‍্যান্টোয়ান সেমেনিয়ো, নটিংহ‍্যাম ফরেস্টের মর্গ‍্যান গিবস-হোয়াইট এবং ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইগো চিয়াগো।

চলতি মৌসুমে প্লেমেকার হিসেবে ফের্নান্দেসই প্রিমিয়ার লিগের সেরা। লিগে সর্বোচ্চ ১৩২টি সুযোগ তৈরি করেছেন তিনি। ৮৯টি সুযোগ তৈরি করেছেন দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের দমিনিক সোবোসলাই। 

চলতি মাসে এর আগে ফুটবল রাইটার্স অ‍্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফের্নান্দেস। একই সঙ্গে পঞ্চমবারের মতো জিতেছেন ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।