১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘স্নায়ুচাপের’ ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে খুশি জাপান কোচ

জাপানের পারফরম্যান্সে এবার সন্তুষ্ট হাজিমে মরিয়াসু।

‘স্নায়ুচাপের’ ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে খুশি জাপান কোচ
তিউনিসিয়াকে উড়িয়ে দেওয়ার পর ভক্তদের ভক্তদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন জাপানের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 04:15 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

প্রথম ম্যাচে লক্ষ্য পূরণ না হওয়ায় কিছুটা আক্ষেপ করা জাপান কোচ হাজিমে মরিয়াসু এবার ভীষণ খুশি। স্নায়ুচাপের ম্যাচে যে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে তার দল। 

নেদারল্যান্ডসের বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জাপান। কিন্তু এই ফলাফল নিয়ে কিছুটা হতাশ ছিলেন মরিয়াসু। ডাচদের যে হারাতে চেয়েছিলেন তিনি ও তার দল।

শেষ বত্রিশে জায়গা পাওয়ার আশা বাঁচিয়ে রাখতে তিউনিসিয়ার বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জাপানের জন্য। দাপুটে পারফরম্যান্সে সেই চাওয়া পূরণ হয় তাদের, তুলে নেয় ৪-০ ব্যবধানে বড় জয়।

চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেননি জাপানের প্লেমেকার তাকেফুসা কুবো। তাকে ছাড়াই বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচটিতে যেভাবে খেলেছে দল, তাতে মুগ্ধ মরিয়াসু।

“এটা বিশ্বকাপে আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল এবং অনেক স্নায়ুচাপের ছিল, পুরো বিশ্বের মানুষ দেখেছে। এমন একটি ম্যাচে জিততে পেরে আমি অনেক খুশি।”

“দল হিসেবে কোনো খেলোয়াড়ের চোটে পড়াটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং একটি বড় ধাক্কা। তবে আমরা এই দলটি এমন এক ভাবনার ওপর ভিত্তি করে সাজিয়েছি যে, মাঠে যে-ই নামুক, সে জয়ের জন্য অবদান রাখতে পারবে এবং যে যার সঙ্গেই খেলুক, কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান।