Published : 06 Apr 2026, 09:54 PM
রেয়াল মাদ্রিদের সাবেক কোচ শাবি আলোন্সোর সঙ্গে সম্পর্ক নিয়ে অকপটে বললেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্বীকার করে নিলেন, স্প্যানিশ কোচের সঙ্গে তার বোঝাপড়া সেভাবে জমে ওঠেনি। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে অবশ্য সবকিছু দারুণ যাচ্ছে, জানালেন তিনি।
ইউরোপের সফলতম ক্লাবটিতে আলোন্সোর কোচিংয়ে ৩৩ ম্যাচ খেলেন ভিনিসিউস। কোচের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি থাকলেও, সাতটি গোল ও ১১টি অ্যাসিস্ট করেন ২৫ বছর বয়সী তারকা।
ব্যর্থতার দায়ে গত জানুয়ারিতে ডাগআউট থেকে আলোন্সোকে ছাঁটাই করে রেয়াল। ওই সময় ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের জন্য কোনো বিদায়ী বার্তা দেননি ভিনিসিউস। তিনি কেন তা করেননি, সেই প্রশ্ন করা হয় সোমবারের সংবাদ সম্মেলনে। তখনই সাবেক কোচের সঙ্গে বোঝাপড়ার দিকটি তুলে ধরেন ভিনিসিউস।
“আমি ম্যাচ খেলেছি (আলোন্সোর কোচিংয়ে), কিন্তু খুব বেশি মিনিট নয়। প্রত্যেক কোচের নিজস্ব ধরন থাকে। তিনি যেভাবে চেয়েছিলেন, সেভাবে তার সঙ্গে আমার বোঝাপড়া হয়নি। তবে এটা শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। আশা করি, আরবেলোয়ার কোচিংয়ে খেলা চালিয়ে যেতে পারব, কারণ তার সঙ্গে আমার চমৎকার বোঝাপড়া রয়েছে, তিনি সবসময় আমাকে আত্মবিশ্বাস জোগান।”
“আরবেলোয়ার সঙ্গে আমার বোঝাপড়াটা বিশেষ কিছু, যেমনটা ছিল আনচেলত্তির সঙ্গে। তিনি আমার কাছ থেকে কী চান, তা সবসময় পরিষ্কার বলতেন। আমি সবসময় আমার সেরাটা দিয়েছি এবং সামনে দিয়ে যাব। আমার মনে হয় না, আমি এর আগে কখনও এত দীর্ঘ সময় (১৬ ম্যাচ) গোল না করে থেকেছি। এই কঠিন সময় থেকে শিখেছি এবং আমি শিখতে চাই। সেরা খেলোয়াড়রা সবসময় ঘুরে দাঁড়ায়।”
গত অক্টোবরে ক্লাসিকোয় দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদলে নিজের নাম দেখে বিরক্তি প্রকাশ করেন এবং মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিউস। ৭২তম মিনিটে তাকে তুলে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামিয়েছিলেন আলোন্সো। উঠল সেই প্রসঙ্গও।
“এটা ভালো মুহূর্ত ছিল না এবং আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি প্রত্যেকটা ম্যাচ খেলতে চাই এবং কোনোটাতেই মাঠ ছাড়তে চাই না। পরে মাথা ঠান্ডা করে বুঝতে পারি যে, ভুল করেছি। আমি তরুণ এবং প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা, যেখানে উন্নতি করার সুযোগ থাকে।”
আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে ভিনিসিউসের সম্পর্ক খুব একটা ‘ভালো নয়’ বলে গুঞ্জন শোনা যায়। তবে ভিনিসিউসের দাবি, তাদের সম্পর্ক দারুণ।
“লোকে অনেক কথাই বলে, কিন্তু কিলিয়ান সবসময় গোল করেছে এবং আমাদের সাহায্য করেছে। আগামীকাল আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, মাঠের ভেতরে ও বাইরে তার সঙ্গে আমার বোঝাপড়া অসাধারণ। ক্লাব কী চায়, আমাদের বুঝতে হবে। বাইরে থেকে যেসব কথা ছড়ায়, তা আমরা বদলাতে পারি না। আমরা ঐক্যবদ্ধ থাকলে দল আরও ভালো করে।”
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।