১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদ সমর্থকদের গর্বিত করতে চান আর্জেন্টিনার তরুণ প্রতিভা

শৈশবের স্বপ্ন পূরণের পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য ১৮ বছর বয়সী এই ফুটবলারের।

রেয়াল মাদ্রিদ সমর্থকদের গর্বিত করতে চান আর্জেন্টিনার তরুণ প্রতিভা
নতুন ঠিকানায় প্রথম সংবাদ সম্মেলনে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি রেয়াল মাদ্রিদে যোগ দিয়ে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার দারুণ প্রতিভাবান এই ফুটবলারের লক্ষ্য এখন আরও বড়। মাঠের পারফরম্যান্স দিয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে নিজের ছাপ রেখে যাওয়ার পাশাপাশি সমর্থকদের বারবার আনন্দের উপলক্ষ এনে দিতে চান তিনি।

আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে টানার কথা গত জুনেই জানিয়েছিল রেয়াল। বয়স ১৮ বছর পূর্ণ করার দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইউরোপের সফলতম দলটিতে যোগ দেন তিনি। বের্নাবেউয়ে এদিন তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় লা লিগার দলটি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন স্বপ্ন পূরণের কথা।

“আমি খুব খুশি, নিজেকে প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। সবসময়ই আমার স্বপ্ন ছিল রেয়াল মাদ্রিদের হয়ে খেলা। আমি একটি স্বপ্ন পূরণ করেছি। কখনও কল্পনাও করিনি যে, এভাবে জন্মদিন উদযাপন করব। দলকে সাহায্য করার জন্য, সমর্থকদের খুশি করার জন্য নিজেকে উজাড় করে দেব আমি।”

“আমি মনে করি রেয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। এখানে আমার ছাপ রাখতে এসেছি। আমি চাই মাঠে আমার কাজের জন্য রেয়াল মাদ্রিদের সমর্থকরা গর্বিত হোক।”

বয়স অল্প হলেও ম্যাচ পড়তে পারার সামর্থ্য মাস্তানতুয়োনোর দারুণ। বল পায়ে রাখতেও তিনি পারদর্শী। এ কারণে উইংয়ের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন সাচ্ছ্বন্দ্যে।

নতুন ঠিকানায় নিজের পজিশন নিয়ে অবশ্য ভাবছেন না মাস্তানতুয়োনো। যেখানেই খেলার সুযোগ পাবেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি।  

রেয়াল মাদ্রিদেও ৩০ নম্বর জার্সি পরবেন মাস্তানতুয়োনো। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

রেয়াল মাদ্রিদেও ৩০ নম্বর জার্সি পরবেন মাস্তানতুয়োনো

“কোচ যে পজিশনেই খেলানোর সিদ্ধান্ত নেন না কেন, দলকে সাহায্য করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখানে যতটা সম্ভব দলকে সাহায্য করার জন্য আছি; আমি ডান দিকে খেলতে বেশি অভ্যস্ত। কিন্তু যেখানেই খেলি না কেন, আমার লক্ষ্য সাহায্য করা।”

মাস্তানতুয়োনো জানালেন, পিএসজিসহ আরও অনেকে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল।

“হ্যাঁ, এটা সত্যি যে, অনেক দলই আমার প্রতি আগ্রহী ছিল এবং আমি তাদের প্রশংসা করি, তাদের সম্মান করি। এত আগ্রহ থাকা আমার জন্য খুব ভালো। লুইস এনরিকের (পিএসজি কোচ) সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার, তিনি আমার সঙ্গে খুব পরিষ্কার ছিলেন। গত রাতের শিরোপার জন্য (উয়েফা সুপার কাপ) তাকে অভিনন্দন জানাতে চাই।”

রিভার প্লেটের মতো রেয়াল মাদ্রিদেও ৩০ নম্বর জার্সি পরে খেলবেন গত জুনে আর্জেন্টিনার হয়ে অভিষিক্ত মাস্তানতুয়োনো।

“আমি এটা চেয়েছিলাম, ৩০ নম্বর। আমার কাছে এটা বিশেষ কিছু; রিভার প্লেটে এটা পরতাম।”