১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউভেন্তুস থেকে নটিংহ্যামে ব্রাজিলিয়ান মিডফিল্ডার

মৌসুমের বাকিটায় নটিংহ্যাম ফরেস্টে খেলবেন ব্রাজিলের হয়ে অলিম্পিকস ফুটবলে সোনাজয়ী এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 02:23 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

গত বছরই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সেরি আয় পাড়ি জমিয়েছিলেন ডোগলাস লুইস। আবার তিনি ফিরলেন চেনা আঙিনায়। ইউভেন্তুস থেকে নটিংহ্যাম ফরেস্টে নাম লেখালেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

২৭ বছর বয়সী মিডফিল্ডারকে আপাতত মৌসুমের বাকি সময়টুকুর জন্য ধারে নিয়েছে নটিংহ্যাম। তবে আগামী মৌসুমে এটিকে পাকাপাকি দলবদলে রূপ দেওয়ার শর্তসাপেক্ষ বাধ্যবাধকতা আছে চুক্তিতে। 

ইংলিশ ফুটবলে তার পরিচিত নাম লুইস। আগে ছিলেন তিনি ম্যানচেস্টার সিটিতে, পাঁচ মৌসুম খেলেছেন অ্যাস্টন ভিলায়।

তার বেড়ে ওঠা নিজ দেশের ক্লাব ভাস্কো দা গামার একাডেমিতে। সেই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে পা রাখেন ২০১৬ সালে। পরের বছর তাকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেয় ম্যানচেস্টার সিটি।

তবে ওয়ার্ক পারমিটের জটিলতায় পেপ গুয়ার্দিওলার দলে খেলতে পারেননি তিনি। ধারে তাকে পাঠানো হয় জিরোনায়। পরের মৌসুমেও একই কারণে ধারে খেলেন তিনি লা লিগার দলটিতে। শেষ পর্যন্ত জটিলতার অবসান না হওয়ায় সিটির হয়ে কোনো ম্যাচ তিনি খেলতেই পারেননি।

২০১৯ সালে সেই জটিলতাকে সঙ্গী করেই নাম লেখান অ্যাস্টন ভিলায়। এখানে কিছুদিন পরই অবশ্য ওয়ার্ক পারমিট পেয়ে যান। দলের গুরুত্বপূর্ণ অংশও হয়ে ওঠেন তিনি।

২০২২ সালে প্রথমে লিগ কাপে ও পরে প্রিমিয়ার লিগে সরাসরি কর্নার থেকে দুটি গোল করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

২০২২-২৩ মৌসুমে সমর্থকদের ভোট ও ফুটবলারদের ভোট, দুটিতেই ক্লাবের মৌসুম-সেরা ফুটবলার হন তিনি। পরের মৌসুমেও ভালো পারফর্ম করে ১০টি গোল করেন, সহায়তা করেন ১০ গোলে।

তার ওপর নজর পড়ে নানা ক্লাবের। গত বছরের জুনে তিনি ৫ বছরের চুক্তিতে ৫ কোটি ইউরোতে নাম লেখান ইউভেন্তুসে। 

তবে সেখানে গিয়ে খুব ভালো করতে পারছিলেন না লুইস। গত মৌসুমে সুযোগ করে নিতে পারেননি নিয়মিত মাঠে নামার। এবার ফিরলেন সেই প্রিমিয়ার লিগেই।

ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছেন লুইস। ২০২১ কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া দলে ছিলেন তিনি। ওই বছর অলিম্পিকস ফুটবলে সোনা জয়ের স্বাদ পান ব্রাজিলের হয়ে।