১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্সেনালকে বাইরের কথায় কান দিতে মানা করলেন রাইস

প্রতি ম্যাচেই একই মানের পারফরম্যান্স উপহার দেওয়া সম্ভব নয়, বলেছেন আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইস।

আর্সেনালকে বাইরের কথায় কান দিতে মানা করলেন রাইস
ডেক্লান রাইস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 06:30 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

লিগ শিরোপার দৌড়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করা আর্সেনালকে নিয়ে চলছে আলোচনা। তবে বাইরের এসব কথাবার্তায় কান না দিতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। দলের পরিবেশ আগের মতোই শান্ত থাকার কথা জোর দিয়ে বলেছেন তিনি। 

ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে তুলে দেওয়ার দারুণ সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে এগিয়ে গিয়েও জিততে পারেনি তারা। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

শিরোপা লড়াইয়ে সবার ওপরে থাকা আর্সেনালের ২৬ ম্যাচ শেষে পয়েন্ট ৫৭। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে সিটি (৫৩)।

গত তিন মৌসুমে লিগে রানার্স-আপ হয়েছিল আর্সেনাল। ২০০৪ সালের পর আর লিগ শিরোপা জিততে না পারা দলটি এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন দেখছে আরেকবার।

নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে সব ধরনের আলোচনা এড়িয়ে যেতে হবে বলে মনে করছেন আর্সেনাল মিডফিল্ডার রাইস।

“এই পথচলায় পুরো মৌসুমে ৭০ ম্যাচেই একই মানের ফুটবল খেলা সম্ভব নয়, তবে যতটা সম্ভব সেরা পারফরম্যান্স করতে হবে। ছোট ছোট বিষয়, মৌলিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এটা রোলারকোস্টারের মতো মৌসুম। সহজ হবে ভাবাটা বোকামি।”

“আমরা প্রতি সপ্তাহে সেরা দলগুলোর বিপক্ষে খেলছি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং যা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাতেই মনোযোগ দিতে হবে। বাইরের কথাবার্তা উপেক্ষা করতে হবে। আমরা সেটা ভালোভাবেই করেছি। শিরোপা দৌড় নিয়ে মানুষ কথা বলবেই, আর্সেনালকে নিয়েও আলোচনা হবে, কিন্তু দল হিসেবে আমরা খুবই শান্ত আছি।”

এফএ কাপের চতুর্থ রাউন্ডে আগামী রোববার উইগান অ্যাথলেটিকের মুখোমুখি হবে আর্সেনাল। লিগে তাদের পরের ম্যাচ আগামী বুধবার।