বার্সাকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন আরাহো
বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়লেও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই অস্ত্রোপচারের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন উরুগুয়ের এই ডিফেন্ডার।
বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। এমন সময় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদ আরাহো। এতে শঙ্কায় পড়ে গেছে উরুগুয়ের এই সেন্টার-ব্যাকের কাতার আসরে খেলা। তাতে জাতীয় দলের চেয়ে বার্সেলোনার হয়ে খেলাকে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি, এমন প্রশ্নও উঠছে। আরাহো অবশ্য এইসব আলোচনা উড়িয়ে দিয়েছেন। তার মতে, অস্ত্রোপচারের এখনই সঠিক সময়।
গত শুক্রবার ইরানের বিপক্ষে ১-০ গোলে হারা প্রীতি ম্যাচে পঞ্চম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন আরাহো।
পরে বার্সেলোনা জানায়, ২৩ বছর বয়সী আরাহোর ডান ঊরুতে চোট ধরা পড়েছে। আগামী বুধবার তার অস্ত্রোপচার করানো হবে। এতে বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।
এক টুইটে আরাহো পরিষ্কার করেছেন, বিশ্বকাপের বেশ কাছাকাছি সময়েও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার কারণ।
“আমি আমার দেশকে ভালোবাসি। জাতীয় দলকেও ভালোবাসি।”
“কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, অস্ত্রোপচার করাই সবচেয়ে ভালো কাজ হবে। একটি রেখে আরেকটি বেছে নেওয়ার বিষয় এটি নয়। বিষয়টি শরীরের, যত দ্রুত সম্ভব শতভাগ সেরে ওঠার।”
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে থাকা উরুগুয়ের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও ঘানা। আগামী ২৪ নভেম্বর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বৈশ্বিক আসরে পথচলা।
