১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইয়ামাল ‘জিনিয়াস’, ওইয়ারসাবাল ‘বুদ্ধিমান’

উরুগুয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ সামনে রেখে, আক্রমণভাগের এই দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ হলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ইয়ামাল ‘জিনিয়াস’, ওইয়ারসাবাল ‘বুদ্ধিমান’
গোলের জন‍্য স্পেনের দুই বড় ভরসা মিকেল ওইয়ারসাবাল ও লামিন ইয়ামাল (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 09:07 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

কেইপ ভার্ড ম্যাচে পুরোটা সময় খেলেও বিবর্ণ ছিলেন মিকেল ওইয়ারসাবাল। শেষ দিকে বদলি নেমেও আলো ছাড়াতে পারেননি লামিন ইয়ামাল। আক্রমণভাগের দুই তারকা জ্বলে উঠলেন সৌদি আরবের বিপক্ষে, সহজ জয় পেল স্পেন। উরুগুয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ সামনে রেখে, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রশংসায় ভাসালেন দুজনকে।

গুয়াদালাহারায়, শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল। ‘এইচ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। ২ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দ্বিতীয় স্থানে। দুই দলের সামনেই আছে, গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ।

সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করে আসা উরুগুয়ে সর্বশক্তি নিয়ে স্পেনের বিপক্ষে নামবে। এ বাধা পেরুতে ওইয়ারসাবাল ও ইয়ামালের দিকে তাকিয়ে থাকবে স্পেন। প্রত্যাশা পূরণের ইঙ্গিত সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে দিয়ে রেখেছেন দুজনেই।

ওই ম্যাচে বিপক্ষে দশম মিনিটে জালের দেখা পেয়েছিলেন ইয়ামাল। জোড়া গোলে ‘লা রোজা’দের জয়ের পথটা মসৃণ করে দিয়েছিলেন ওইয়ারসাবাল। স্পেনের পাওয়া চতুর্থ গোলটি ছিল আত্মঘাতী।

উরুগুয়ে ম্যাচের আগে, এই দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ হলেন লুইস দে লা ফুয়েন্তে। বললেন, দলের বাকিরাও মুখিয়ে আছে, নিজেদের মেলে ধরতে।

“ইয়ামাল একজন জিনিয়াস। ওইয়ারসাবাল খুবই বুদ্ধিমান এবং সেটা সে মাঠেই দেখাচ্ছে। আমার কাছে, সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। কেননা, আক্রমণভাগের সব জায়গায় সে নিখুঁতভাবে মানিয়ে যায়। দারুণ হওয়া সত্ত্বেও সে, বিনয়ী, শান্ত এবং ধীরস্থির… প্রতিদিন সে আমাদের আরও মুগ্ধ করে চলেছে।”

“দলের সব খেলোয়াড়রই দারুণভাবে অনুপ্রাণিত। তাদের মধ্যে খেলার এবং আমাদের কৌশল নিখুঁতভাবে তুলে ধরার আগ্রহটা দেখছি আমি।”