আলোন্সোর কথা শুনেই স্বপ্নের ঠিকানায় আর্জেন্টিনার বিস্ময়-বালক
রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সোর কথায় উজ্জীবিত হয়েই স্বপ্নের ক্লাবে পা রেখেছেন ‘নতুন মেসি’ বলে পরিচিতি পাওয়া আর্জেন্টিনার তরুণ প্রতিভা।
রিভার প্লেট ছেড়ে আসার সিদ্ধান্ত সহজ ছিল না। হাতছানি ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও সদ্য ট্রেবলজয়ী পিএসজি থেকেও। কিন্তু ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো শেষ পর্যন্ত রেয়াল মাদ্রিদকে বেছে নিয়েছেন মূলত শাবি আলোন্সার জন্য। স্বপ্নের ক্লাবে নাম লেখানোর একটা তাড়না তো তার ভেতরে ছিলই। তবে আর্জেন্টিনার আলোচিত তরুণ প্রতিভাবান ফুটবলার অনুপ্রাণিত হয়েছেন মূলত রেয়ালের কোচের কথা শুনেই।
‘বিস্ময়-বালক’ ‘নতুন মেসি’, এরকম নানা নামে বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার ফুটবলে পরিচিতি ছিল মাস্তানতুয়োনোর। ১৭ বছর বয়সী ফুটবলারকে দলে পেতে আগ্রহী ছিল ইউরোপের বেশ কিছু ক্লাব। তাকে পেতে অনেক দূর এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু অনেক পরে লড়াইয়ে এসেও শেষ পর্যন্ত জিতে যায় রেয়াল মাদ্রিদ।
বয়স ১৮ পূর্ণ হওয়ার পর আগামী অগাস্টে রেয়ালের হয়ে যাবেন মাস্তানতুয়োনো। ইউরোপের সফলতম ক্লাবে তার চুক্তি ছয় বছরের।
আপাতত চলতি ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের হয়েই মাঠ মাতাচ্ছেন মাস্তানতুয়োনো। এর ফাঁকে দাজনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শোনালেন রেয়ালে নাম লেখানোর পেছনের গল্প।
“যেভাবে তিনি (আলোন্সে) আমার সঙ্গে কথা বলেছেন, অবিশ্বাস্য তা। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ, আমার পাশে যেভাবে ছিলেন তিনি। আমাদের সেই আলোচনা আমাকে প্রবলভাবে প্রভাবিত করেছে।”
“একজন কোচ যখন কাউকে এতটা প্রবলভাবে চান, ওই ফুটবলারের জন্য এটা বড় আত্মবিশ্বাসের ব্যাপার। রিভারের মতো বড় ক্লাব ছেড়ে আসার সহজ নয়। তার কথা আমাকে অনুপ্রাণিত করেছে সেই বড় পদক্ষেপ নিতে।”
এর মধ্যেই দারুণ কিছু রেকর্ডে নাম লেখা হয়ে গেছে মাস্তানতুয়োনোর। রিভার প্লেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোল স্কোরার তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের জয়ে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডও গড়েছেন কদিন আগে চিলির বিপক্ষে খেলে।
এখন তিনি সামনে তাকিয়ে স্বপ্নের ক্লাবের হয়ে মাঠ রাঙানোর অপেক্ষায়।
“আমরা সবাই জানি রেয়াল মাদ্রিদ কেমন ক্লাব। সেখানে খেলা স্বপ্নের মতো। আমার জন্য এটি দারুণ এক চ্যালেঞ্জ।”
“আমার মতে, বিশ্বের সেরা ক্লাব রেয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে বেশি ট্রফিজয়ী ক্লাব। যে কোনো ফুটবলারই সেখানে খেলতে চাইবে। এটা বড় এক স্বপ্ন। এই ভ্রমণ আমি উপভোগ করতে চাই।”
কোচ শাবি আলোন্সোও কদিন আগে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন তার তরুণ তুর্কিকে।
“মাঠের ভেতরে সে দারুণ পরিণত, মাঠের বাইরেও বয়ে আনে অনেক কিছু। তার সঙ্গে যখন কথা বলেছি, তার উচ্চাশা ও পরিণত মানসিকতার ছাপ দেখেছি আমি। অগাস্টে সে আমাদের সঙ্গী হবে এবং আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সংযোজন হবে সে।”
স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মাস্তানতুয়োনোকে শুরু থেকেই খেলাতে আগ্রহ আলোন্সো। তাকে তিনি কাজে লাগাতে চান রাইট উইঙ্গার হিসেবে, যে জায়গাটিতে অনেক দিন ধরেই ঘাটতি আছে রেয়ালের।
