১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছয় গোলের রোমাঞ্চে মেসি-ম্যাজিক আর শেষ সময়ে মায়ামির রক্ষা

ম্যাচের শুরুর দিকে গোল করেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সালিভান, শেষ দিকে লিওনেল মেসির একটি গোল ও আরেকটি গোলে সহায়তায় ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট পায় ইন্টার মায়ামি।

ছয় গোলের রোমাঞ্চে মেসি-ম্যাজিক আর শেষ সময়ে মায়ামির রক্ষা
এই ফ্রি-কিক থেকেই গোল করেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 06:02 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

লিওনেল মেসির জাদু তখনও পর্যন্ত তেমনটা দেখা যায়নি। ৮৭তম মিনিটে ফ্রি-কিক পেল ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে গোলকিপারের ডান দিকে মাপা শট নিলেন লিওনেল মেসি। গোলকিপার অনেকটা ডানে চেপে দাঁড়িয়ে ছিলেন সেই প্রান্তেই। কিন্তু বলে হাত ছোঁয়ালেও ঠেকাতে পারলেন না। ধারাভাষ্যকার বললেন, ‘হোয়াট আ স্ট্রাইক… মেসি-ম্যাজিক…!’ 

ইন্টার মায়ামি তখনও পিছিয়ে এক গোলে। ধারাভাষ্যকার তখনই যোগ করলেন, ‘নড়েচড়ে বসুন… পাগলাটে একটা সমাপ্তির অপেক্ষায় ম্যাচ।’ সত্যিই হলো তেমনটিই। মেসির গোলের পরও আক্রমণের স্রোত বইয়ে দিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। কিন্তু মেসির কাছ থেকে বল পেয়েই দুর্দান্ত এক গোল করলেন তালেস্কা সেগোভিয়া।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয়েছিল ৫ মিনিট। এরপর পঞ্চম মিনিটেই সেগোভিয়ার ওই গোলে সমতা ফেরাল ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে উত্তেজনায় ঠাসা ম্যাচটি ড্র হলো ৩-৩ গোলে। 

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচটিতে ৬৭ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে মায়ামি। তবে স্রেফ ৩৩ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও ফিলাডেলফিয়ার আক্রমণ ছিল বেশি ক্ষুরধার, ব্যতিব্যস্ত রেখেছিল তারা মায়ামির রক্ষণভাগ। গোলে ১৭টি শট নেয় তারা, এর সাতটি ছিল লক্ষ্যে। মায়ামির গোলকিপার অস্কার উস্তারি চারটি সেভ করে রক্ষা করেন দলকে। 

ঘরের মাঠে ফিলাডেলফিয়া এগিয়ে যায় সপ্তম মিনিটেই। কাই ওয়্যাগনার কর্নার থেকে আলতো করে বল দেন ছুটে আসা কুইন সালিভানকে। বক্সের ডান কোনা থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান ২১ বছর বয়সী উইঙ্গার।

সালিভানের নানি ছিলেন বাংলাদেশি আর মা জার্মান-বাংলাদেশি। জাতীয় দলের ক্ষেত্রে বাংলাদেশকে বেছে নেওয়ার সুযোগ তার ছিল। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন তিনি। দেশটির অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন এর মধ্যেই। দিন তিনেক আগেই তাকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো, তুরস্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য।  

মায়ামি প্রথম সম্ভাবনা জাগায় ৩৩তম মিনিটে। লুইস সুয়ারেসের ডামির পর বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের দুই পায়ের মাঝ দিয়ে গড়ানো শট নেন মেসি। তবে তা আটকে দেন ফিলাডেলফিয়ার গোলকিপার অ্যান্ড্রু রিক।

পরের সময়টায় একের পর এক আক্রমণ চালায় ফিলাডেলফিয়া। কর্নার থেকে ন্যাথান হ্যারিয়েলের হেড দারুণ দক্ষতায় ফেরান মায়ামির গোলকিপার উস্তারি। ৪২তম মিনিটে বক্মের অনেক বাইরে থেকে নেওয়া ড্যানলি জ্যাকসের গতিময় শট গোলবারের ওপর দিয়ে ফিস্ট করে দেন উস্তারি।

দুই মিনিট পর আর রক্ষা করতে পারেননি উস্তারি। বক্সের ভেতর জটলার ভেতর থেকে মায়ামির চারজনের মাঝ দিয়ে শট নিয়ে বল জালে পাঠান ফিলাডেলফিয়ার ফরোয়ার্ড তাই বারিবো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মায়ামি। একটি গোল ফিরিয়ে দিতে পারে তারা ৬০তম মিনিটে। নোয়াহ অ্যালেনের মাপা ক্রসে হেড থেকে গোল করেন তাদেও আইয়েন্দে। দুই মাস পর গোলের দেখা পেলেন আর্জেন্টাইন এই উইঙ্গার।

শেষ সময়ে গোল করে দলকে রক্ষা করা সেগোভিয়াকে ঘিরে মেসি ও সতীর্থদের উল্লাস। ছবি: রয়টার্স।

শেষ সময়ে গোল করে দলকে রক্ষা করা সেগোভিয়াকে ঘিরে মেসি ও সতীর্থদের উল্লাস

৭০ তম মিনিটে হেড করে বল জালে পাঠান মায়ামির সেগোভিয়া। তবে অফসাইডের সঙ্কেত দেন রেফারি।

দুই মিনিট পর আবার দুই গোলের ব্যবধান গড়ে ফিলাডেলফিয়া। খুব কাছ থেকে বল জালে পাঠিয়ে দ্বিতীয় গোলের দেখা পান বারিবো। যদিও তার গোলটি অফসাইড ছিল কি না, এই প্রশ্ন তোলা যায়। ধারাভাষ্যকাররা বলছিলেন, ‘টাইট কল।’

এর মিনিট দুয়েক পর খুব কাছ থেকে ড্যানলি জ্যাকসের শট পা দিয়ে কোনোরকমে ঠেকান উস্তারি। 

৮৭তম মিনিটে মেসির সেই ফ্রি-কিক থেকে গোল। 

পরের মিনিটেই আবার ব্যবধান বাড়াতে পারত ফিলাডেলফিয়া। জ্যাকসের পাস থেকে গোলপোস্টের একদম কোনা থেকে শট নেন বারিবো। কিন্তু দারুণভাবে পা দিয়ে ঠেকিয়ে ইসরাইলের ফরোয়ার্ডকে হ্যাটট্রিক করতে দেননি মায়ামির গোলকিপার উস্তারি।

৯৪তম মিনিটে ফিলাডেলফিয়ার ইয়োভান লুকিচের শট উস্তারির হাত ছুঁয়ে গোলবারে লেগে বাইরে চলে যায়। এর পরপরই মায়ামির সমতায় ফেরা সেই গোল। মেসির আলতো করে বল দেন সেগোভিয়াকে। মূল কৃতিত্ব ভেনেজুয়েলার এই মিডফিল্ডারের। বক্সের মাথা থেকে দারুণ শটে গোল করেন ২২ বছর বয়সী ফুটবলার।

ওই গোলেই গত আট ম্যাচের মধ্যে ষষ্ঠ পরাজয় থেকে রক্ষা পায় মায়ামি। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয়েই থাকলেন মেসিরা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।