১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জমি পাচ্ছে বাফুফে

কক্সবাজারে সোমবার হবে এই চুক্তি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 09:10 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

নানা জটিলতায় প্রায় চার বছর ধরে ঝুলে থাকার পর কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার করার জন্য জমি পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের রামুতে জমি বুঝে পাবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

কক্সবাজারের রামুতে ১৫ দশমিক ২০ একর জমি বুঝে পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদউদ্দীন চৌধুরী।

“আমরা বিনা মূল্যে টেকনিক্যাল সেন্টারের জন্য জমিটি বাফুফেকে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সরকার বিশেষ বিবেচনায় প্রতীকী মূল্য এক লাখ এক টাকায় এটি অনুমোদন করেছে। সেই টাকা জমা দেওয়া হয়েছে এবং সোমবার কক্সবাজারে জমি হস্তান্তরের চুক্তি হবে। এরপরই নির্বাহী কমিটি পরিকল্পনা করবে টেকনিক্যাল সেন্টার নিয়ে।”

প্রায় চার বছর আগে, কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি থাকার সময় এই প্রকল্প আসে বাফুফের কাছে। সেসময় সরকারের কাছ থেকে ২০ একর জমি বরাদ্দ পেয়েছিল বাফুফে। কিন্তু রামুর খুনিয়াপালংয়ের সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখানে টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি জানালে ঝুলে যায় বিষয়টি। 

পরে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই বরাদ্দ বাতিল করে অন্যত্র জমি খুঁজতে বলে। তাতে টেকনিক্যাল সেন্টারের ভবিষ্যৎ পড়ে যায় আরও অনিশ্চয়তার মুখে। 

সেই জটিলতার অবসান হতে যাচ্ছে। ফিফার শর্ত পূরণ করে ৩০ বছরের জন্য স্থায়ীভাবে জমির লিজ পাবে বাফুফে। সোমবার কক্সবাজারে স্থানীয় জেলা প্রশাসক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জমি হস্তান্তর নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। 

আগের পরিকল্পনা অনুযায়ী এই টেকনিক্যাল সেন্টারে তিনটি ফুটবল মাঠ, খেলোয়াড়–কোচদের জন্য দুটি চারতলা ডরমিটরি, জিমনেসিয়াম, সুইমিংপুল, চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা, ক্যানটিন এবং কনফারেন্স কক্ষসহ প্রয়োজনীয় সুযোগ–সুবিধা থাকার কথা রয়েছে।