০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বের্নাবেউয়ে দুয়ো রেয়ালের ‘ঘুরে দাঁড়ানোর প্রেরণা’

জোসে মরিনিয়োর মতে, মাঝেমধ্যে দুয়েকটা দুয়োধ্বনি আরও ভালো হতে সাহায্য করে।

বের্নাবেউয়ে দুয়ো রেয়ালের ‘ঘুরে দাঁড়ানোর প্রেরণা’
খেলোয়াড়দের সঙ্গে জয় উদযাপন করছেন রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 04:37 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথমার্ধে সমর্থকদের দুয়ো দেওয়াকে ন্যায্য মনে করছেন জোসে মরিনিয়ো। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে দলের বড় জয়ে ওই দুয়োর কিছুটা ভূমিকা দেখছেন রেয়াল মাদ্রিদ কোচ।  

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার কিলিয়ান এমবাপের গোলে শুরুতে এগিয়ে যায় রেয়াল। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

নিজেদের দ্রুত গুছিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শাণাতে থাকে রেয়াল। ওই অর্ধে আরও তিনটি গোল করে তারা। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

হ্যাটট্রিক করেন ফরাসি তারকা এমবাপে। দলের অন্য গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

দ্বিতীয় মেয়াদে রেয়ালের কোচ হওয়ার পর বের্নাবেউয়ে এটি ছিল মরিনিয়োর প্রথম ম্যাচ। এদিন প্রথমার্ধে সমর্থকদের দুয়োকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে দেখছেন তিনি।

“দুয়ো ও করতালির মধ্যে সবসময়ই একধরনের ন্যায্যতা থাকে। আর মাঝেমধ্যে দুয়েকটা দুয়োধ্বনি কারও কোনো ক্ষতি করে না, বরং এটা আপনাকে আরও ভালো হতে সাহায্য করে।

“আমরা সবাই সান্তিয়াগো বের্নাবেউয়ের আবহ সম্পর্কে জানি এবং এখানে সমর্থকদের প্রত্যাশা কত বেশি, সেটাও জানি। চাপের মধ্যে আমার খেলোয়াড়েরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং দ্বিতীয়ার্ধে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, তাতে আমি খুব খুশি। এমনকি ওই অর্ধে আমরা আরও কয়েকটি গোল করতে পারতাম।”

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন শীর্ষে রেয়াল। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রেয়াল বেতিস।