১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১ মাসের জন্য মাঠের বাইরে পেদ্রি

মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে সামনে ভুগতে হতে পারে কাতালান দলটিকে, কোচ হান্সি ফ্লিক কথায়ও সেই শঙ্কা প্রকাশ পেয়েছে।

১ মাসের জন্য মাঠের বাইরে পেদ্রি
বার্সেলোনার মাঝমাঠের ভরসা পেদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

মৌসুমের দ্বিতীয়ভাগের শুরুতে বেশ বড় একটা ধাক্কাই খেল বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেলেন মাঝমাঠের ভরসা পেদ্রি।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ ব‍্যবধানে জয়ের পথে এই চোট পান পেদ্রি। 

কোচ হান্সি ফ্লিকের মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় ৬১তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলি নেমে দর্শনীয় গোলে দলকে এগিয়ে নেন দানি ওলমো।

দারুণ পারফরম্যান্সে দল ঘুরে দাঁড়িয়ে প্রত্যাশিত জয় পেলেও, ম্যাচের পর পেদ্রির চোট নিয়ে ফ্লিক বলেন, “এটা ভালো খবর নয়।” তখন অবশ্য ২৩ বছর বয়সী এই ফুটবলারের চোট কতটা গুরুতর, জানতেন না তিনি। 

পরে বৃহস্পতিবার বার্সেলোনায় ফিরে করানো পরীক্ষায় পেদ্রির ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। কাতালান ক্লাবটির বিবৃতিতে জানানো হয়, তার সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে।

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৯ ম্যাচ জিতেছে বার্সেলোনা, এর ২৪টিতেই শুরুতে একাদশে খেলেছেন পেদ্রি। গোল করেছেন চারটি।

প্রাহার বিপক্ষে জয়ের পর সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে নবম স্থানে আছে বার্সেলোনা। সরাসরি শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছে দলটি।

আর লা লিগায় তারা চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে। ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট পাওয়া বার্সেলোনা আগামী রোববার খেলবে পয়েন্ট তালিকার তলানির দল রেয়াল ওবিয়েদোর বিপক্ষে।