১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বার্সেলোনার

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে রেফারির ‘বিতর্কিত’ কাণ্ডের পর এই উদ্যোগ নিল বার্সেলোনা।

রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বার্সেলোনার
স্প‍্যানিশ চ‍্যাম্পিয়ন বার্সেলোনার সমর্থকরা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 11:13 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

পাউ কুবার্সির গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষোভের উদগীরণের পর, এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগের রেফারিং নিয়ে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) দ্বারস্থ হলো তারা।

আতলেতিকোর মাঠে শুক্রবার প্রথম লেগের ম্যাচটি ৪-০ গোলে হেরে যায় বার্সেলোনা। এই হারে কাম্প নউয়ের ফিরতি লেগে অসাধ্য সাধন করতে হবে হান্সি ফ্লিকের দলকে। 

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই চার গোল হজম করার পর কুবার্সির গোলটি ছিল বার্সেলোনার জন্য ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য। ৫২তম মিনিটে লামিনে ইয়ামালের ফ্রি-কিকে বক্সের বাইরে থেকে ফের্মিন লোপেসের শট বক্সে আতলেতিকোর এক ডিফেন্ডারের পায়ে লেগে, রবের্ত লেভানদোভস্কির পা ছুঁয়ে পেয়ে যান কুবার্সি। তিনি বল জালে পাঠালে উদযাপনে মাতে বার্সেলোনা। 

এরপরই তৈরি হয় জটিলতা। ভিএআরের দীর্ঘক্ষণ ধরে পর্যালোচনার পর অফসাইডের কারণে কুবার্সির গোল বাতিল করে দেন রেফারি। ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বার্সেলোনার অধিনায়ক ফ্রেংঙ্কি ডি ইয়ং, রেফারির সিদ্ধান্তকে তিনি বলেন, ‘কলঙ্কজনক’ আর কোচ হান্সি ফ্লিক বলেন ‘পাগলামি।’ এবার বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করল।

বার্সেলোনার দাবি, “বিশেষ করে মিলিমিটার ব্যবধানে সিদ্ধান্তের ক্ষেত্রে চূড়ান্ত প্রযুক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়নি”, রেফারিদের মনিটরে খেলা পর্যালোচনার ক্ষেত্রে ‘মানদণ্ডের ঘাটতি’ ছিল। রেফারিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন নয়, বরং ‘মানদণ্ডের পর্যালোচনার’ দাবি তোলা হয়েছে, এ কথাও উল্লেখ করেছে তারা।

পাশাপাশি ‘সম্পূর্ণ ভিএআর অডিও রেকর্ডিং প্রকাশের অনুরোধ করেছে বার্সেলোনা। বিবৃতিতে আরএফইএফ সভাপতি, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি, ভিএআর প্রধান ও আইনি পরামর্শকদের কাছে নিজেদের ‘উদ্বেগ’-জানিয়েছে তারা।

মোটা দাগে পাঁচটি বিষয়ে অভিযোগের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে বার্সেলোনা। সেগুলো হচ্ছে- শৃঙ্খলা বিষয়ে ধারাবাহিক মানদণ্ডের অভাব, হাতের ইশারায় দেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে পরস্পরবিরোধিতা, প্রাসঙ্গিক ত্রুটি-বিচ্যুতি, ভিএআরের প্রয়োগ ও স্বচ্ছতা ও মনিটর পর্যালোচনার মানদণ্ড।