১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একুয়েডরের নতুন অধিনায়ক কাইসেও

বিশ্বকাপের মাঝে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া।

একুয়েডরের নতুন অধিনায়ক কাইসেও
একুয়েডরের মিডফিল্ডার মোইসে কাইসেও। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 09:24 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বিশ্বকাপের মাঝপথে একুয়েডর ফুটবল দলে বড়সড় এক পরিবর্তন এসেছে। টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করার পর, সবাইকে চমকে দিয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এনের ভ্যালেন্সিয়া। দলটির নেতৃত্বভার পেয়েছেন চেলসির মিডফিল্ডার মোইসে কাইসেও।

সতীর্থ ও কোচিং স্টাফের সামনে রোববার এক আবেগঘন অনুষ্ঠানে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ৩৬ বছর বয়সী ভ্যালেন্সিয়া। পরে ২৪ বয়সী কাইসেওর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন অভিজ্ঞ ফরোয়ার্ড।

একুয়েডরের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এসেছে এই বদল। গ্রুপ পর্বের বৈতরণী পার করা দলটি এখন প্রস্তুত হচ্ছে শেষ বত্রিশের লড়াইয়ের জন্য। যেখানে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মেক্সিকোর মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি।

এই ম্যাচ দিয়ে একুয়েডর স্থায়ী অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে কাইসেওর। গত কয়েক বছরে ভ্যালেন্সিয়ার অনুপস্থিতিতে একাধিকবার অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

চার বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল একুয়েডর। উত্তর আমেরিকা আসরেও তাদের শুরুটা ভালো হয়নি। আইভরি কোস্টের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচেই হেরে বসে লাতিন আমেরিকার দলটি। পরে গোলশূন্য ড্র করে নবাগত কুরাসাওয়ের সঙ্গে।

তাদের বিশ্বকাপ অভিযান যখন খাদের কিনারে, ঠিক তখনই ঘুরে দাঁড়ায় দলটি। ইউরোপের শক্তিশালী দলগুলোর একটি জার্মানির বিপক্ষে তুলে নেয় ২-১ গোলের অবিস্মরণীয় জয়। তাতে আটটি সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বের টিকেট পায় তারা।

২০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে একুয়েডর। ২০০৬ সালে শেষ ষোলোয় খেলেছিল তারা।

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে একুয়েডরকে নেতৃত্ব দেন ভ্যালেন্সিয়া। তবে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে কাইসেওর হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। তখনই নেতৃত্ব পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।