Published : 18 Nov 2025, 08:40 PM
বছরের শেষটা জয়ে রাঙানোর লক্ষ্যে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। সবশেষ মুখোমুখি লড়াইয়ের স্মৃতিও তাদের জন্য দারুণ ইতিবাচক। তবে, আসছে ম্যাচে প্রতিপক্ষের শারীরিক শক্তির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সতীর্থদের সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্কিনিয়োস।
এবারের আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় ও বছরের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ফ্রান্সের লিলে বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে প্রীতি ম্যাচটি।
গত শনিবার সেনেগালের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে ২-০ গোলের জয়ে স্বরূপে ফেরার বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসছে ম্যাচেও জয়ের পাশাপাশি সুন্দর ফুটবল উপহার দিতে চান মার্কিনিয়োস।
সিবিএফ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য পিএসজি ডিফেন্ডার বললেন, প্রতিপক্ষের খেলার ধরনের কারণে তাদের লক্ষ্যপূরণ কঠিন হয়ে উঠতে পারে। সাড়ে তিন বছর আগে সবশেষ দেখায় ৫-১ গোলের জয়ের ম্যাচের অভিজ্ঞতার কথাও বললেন তিনি।
“আমরা জানি, আসছে ম্যাচে কঠিন লড়াই হবে, দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে। পূর্বে আমরা তিউনিসিয়ার বিপক্ষে খেলেছি এবং আমার মনে আছে সেই ম্যাচ খুব কঠিন ছিল, একজন খেলোয়াড় বহিষ্কৃত হয়েছিল, অনেক শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল।”
“তবে ম্যাচে আমরা ভালো খেলেছিলাম এবং এইসব অভিজ্ঞতা নিয়েই আমরা বিশ্বকাপে যাব। আমাদের জন্য এইসব ম্যাচ দারুণ পরীক্ষা, যারা বাছাইয়ে দক্ষিণ আমেরিকান লড়াইয়ে অভ্যস্ত। অন্যান্য জায়গার দলগুলোর বিপক্ষে লড়াই বিশ্বকাপের আগে আমাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা দেবে।”
বিশ্বকাপের প্রস্তুতি দারুণ ফর্মেও আছে তিউনিসিয়া। আফ্রিকার অঞ্চলের বাছাইয়ে তারা ১০ ম্যাচের ৯টিতেই জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছে, অন্য ম্যাচটি করেছে ড্র।