Published : 18 Jan 2026, 03:44 PM
সেরি আয় ইউভেন্তুসের শিরোপা খরা কাটানোর সম্ভাবনা আরও একবার বুঝি শেষ হয়ে গেল। সবশেষ শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষ কাইয়ারির বিপক্ষে হেরে শীর্ষস্থান থেকে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে তুরিনের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে হেরেছে ইউভেন্তুস। এতে লিগে তাদের ছয় ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।
পজেশন রাখায় একচেটিয়া আধিপত্য করে ইউভেন্তুস। কিন্তু ম্যাচের ফলে তার প্রতিফলন ঘটাতে পারেনি তারা। এমনকি আক্রমণে তেমন দাপট দেখাতে পারেনি; গোলের জন্য ২১টি শট নিলেও কেবল পাঁচটিই লক্ষ্যে রাখতে পারে তারা।
বিপরীতে কোণঠাসা হয়ে থেকে গোলের জন্য তিন শট নিয়ে কেবল একটিই লক্ষ্যে রাখতে পারে কাইয়ারি। ৬৫তম মিনিটে ওই এক শটেই ব্যবধান গড়ে দেন ইতালিয়ান মিডফিল্ডার লুকা মাৎসিতেল্লি।
এমন ফল মানতে পারছেন না ইউভেন্তুস কোচ লুসিয়ানো স্পালেত্তি। তবে এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি।
“প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে, যারা জয় নিয়ে মাঠ ছেড়েছে, হতে পারে জয়টা তাদের প্রাপ্য ছিল না। তবে তারা সুযোগ খুঁজে সেটা কাজে লাগিয়েছে।”
“হয়তো এখান থেকে শিক্ষা নিয়ে পরেরবার আমরাও সুযোগ কাজে লাগাতে পারব। নিশ্চিতভাবে পরাজয় ভালো কিছু নয়, তবে ড্র করলেও আমরা খুশি হতাম না।”
সেরি আয় রেকর্ড ৩৬ বার শিরোপা জিতেছে ইউভেন্তুস, তবে সবশেষ তারা এই ট্রফি উঁচিয়ে ধরেছে ২০১৯-২০ মৌসুমে।
পয়েন্ট টেবিলের অবস্থান বিচারে এবারও তাদের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউভেন্তুস। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে শিরোপাধারী নাপোলি।
নাপোলির সমান পয়েন্ট এসি মিলানেরও, তবে একটি ম্যাচ কম খেলে দুইয়ে আছে দলটি। আর ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।