লা লিগা
Published : 17 Jan 2026, 09:06 PM
তিন দশকের লা লিগা ধারাভাষ্য ক্যারিয়ারে এমন চিত্র আগে দেখিনি, ম্যাচের আগে কোনো দলকে এমনভাবে বরণ করে নিতে দেখিনি- বলছিলেন ধারাভাষ্যকার। তবে কিলিয়ান এমবাপে-ভিনিসিউস জুনিয়রদের নিষ্প্রভ ফুটবলে পাল্টে যেতে বসেছিল সান্তিয়াগো বের্নাবেউয়ের আবহ। লেভান্তের বিপক্ষে দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়াল রেয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর ফিরল জয়ের পথে।
লা লিগার ম্যাচে শনিবার ২-০ গোলে জিতেছে রেয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে সফল স্পট কিকে এমবাপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, চমৎকার হেডে ব্যবধান বাড়ান রাউল আসেন্সিও।
২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা। শিরোপাধারীরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রেয়াল, এর ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল লেভান্তে ১০ শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারা রেয়ালের বিপক্ষে প্রথম মিনিটেই সুযোগ পায় লেভান্তে। তবে কার্ল এত্তা শট লক্ষ্য রাখতে পারেননি।
চতুর্দশ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় সফরকারীরা। পাবলো মার্তিনেস রক্ষণ দেয়ালে শট নিয়ে সুযোগ নষ্ট করেন। ফিরতি বলে তার শট যায় ক্রসবারের ওপর দিয়ে।
বল দখলে অনেক এগিয়ে থাকলেও, গভীরে গিয়ে রক্ষণ সামলানো লেভান্তের বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না রেয়াল। তাতে ক্ষুব্ধ হয়ে উঠছিলেন সমর্থকরা। এক পর্যায়ে খেলোয়াড়দের দুয়ো দিতে শুরু করেন তারা। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের পদত্যাগের দাবিও তোলেন কেউ কেউ।
৩৩তম মিনিটে রাউল আসেন্সিওর উঁচু করে বাড়ানো বলে খুব ভালো সুযোগ পেয়ে যান এমবাপে। সামনে ছিলেন কেবল গোলরক্ষক; কিন্তু ভলি লক্ষ্যে রাখতে পারেননি প্রায় এক মাস পর শুরুর একাদশে ফেরা ফরাসি ফরোয়ার্ড।
ছয় মিনিট পর ফেদে ভালভের্দের ফ্রি কিকে আসেন্সিওর শট সহজেই ফেরান গোলরক্ষক ম্যাথু রায়ান। ম্যাচে এটাই লক্ষ্যে প্রথম শট।
৪২তম মিনিটে আরেকটি ফ্রি কিক পায় লেভান্তে। এবার মার্তিনেসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্দা গিলের ও ফ্রাঙ্কো মাস্তুনতুয়োনো মাঠে নামলে রেয়ালের আক্রমণের গতি বাড়ে। ৫৫তম মিনিটে গিলেরের শট ঝাঁপিয়ে ফেরান রায়ান।
৫৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ডি বক্সে তাকেই আদ্রিয়ান দে লা ফুয়েন্তে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রেয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি।
এগিয়ে যাওয়ার পর ছন্দ ফেরে রেয়ালের খেলায়। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আন্সেসিও।
দুই মিনিট পর ব্যবধান ৩-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এমবাপে। মাস্তানতুয়োনোর কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকেও গোলরক্ষক বরাবর শট নেন তিনি।
৭৬তম মিনিটে মাস্তানতুয়োনোর গতিময় শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে। তিন মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। অরক্ষিত মাস্তানতুয়োনো ছিলেন আরও ভালো অবস্থানে। দর্শকদের একটা অংশ এই প্রচেষ্টার জন্য হাততালি দিলেও অন্যরা দুয়ো দিয়েই যান।
সুযোগ আসে এরপরেও; কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতা ও লেভান্তে গোলরক্ষকের দৃঢ়তায় আর ব্যবধান বাড়াতে পারেনি রেয়াল।