Published : 05 Jul 2026, 08:54 AM
বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর, জার্মানির ডাগআউট ছেড়েছেন ইউলিয়ান নাগেলসমান। সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে ইয়ুর্গেন ক্লপের নাম। লোথার মাথাউসেরও মনে হচ্ছে, ক্লপ হতে পারেন দুর্দশাগ্রস্ত জার্মানির জন্য আশু সমাধান। তবে, জার্মান কিংবদন্তি দলের এই সমস্যার শেকড় দেখছেন আরও গভীরে।
জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তাদের ধুয়ে দিয়েছেন মাথাউস। কর্মকর্তাদের প্রত্যেকের আত্মসমালোচনা এবং নিজেদের প্রশ্ন করা উচিত, এমন কথাও তিনি বলেছেন কড়া সুরে।
প্যারাগুয়ের বিপক্ষে হেরে উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে ছিটকে যায় জার্মানি। ২০১৪ সালে চতুর্থ ও সবশেষ বিশ্বকাপ জয়ের পরের তিন আসরের দুটির গ্রুপ পর্ব থেকে, আর এবার নকআউট পর্বের শুরুতে বিদায় ঘণ্টা বাজল তাদের।
দলের এমন ব্যর্থতায়, অনেক কিছু পরিবর্তনের গুরুত্ব অনুভব করছেন মাথাউস। গত বছর, নাগেলসমানের সাথে চুক্তি নবায়ন করা ভুল ছিল বলেও মনে করেন ১৯৯০ বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।
“প্রতিটি দিক খতিয়ে দেখতে হবে এবং ডিএফবিতে থাকা সবাইকে নিজেদের প্রশ্ন করতে হবে। কেবল জাতীয় দলের কোচ নয়, বিশ্বকাপ থেকে জার্মানির এমন শোচনীয় ব্যর্থতার জন্য ডিএফবির সব কর্মকর্তাদেরকে অবশ্যই দায় নিতে হবে। প্রায় এক বছর আগে, নাগেলসমানের সাথে চুক্তি বাড়ানো ছিল প্রথম বড় ভুল।”
প্যারাগুয়ের বিপক্ষে হারের চার দিন পর, কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসমান। যদিও, কয়েকদিন আগে তিনি চেয়েছিলেন ডাগআউট থেকে যেতে। ডিএফবির ভেতরের কারো কথায় ও সমর্থকদের চাপে নাগেলসমানকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে বলে মনে করেন মাথাউস। তবে, এতেই চূড়ান্ত সমাধান দেখছেন না তিনি।
সমস্যার আশু সমাধানে লিভারপুলের সফল কোচ ক্লপকে জার্মানির পরবর্তী কোচ হওয়ার কথা শোনা যাচ্ছে জোরেশোরে। মাথাউসের ভোটও ক্লপের বাক্সে। তবে, দলকে সঠিক পথে ফেরাতে, ডিএফবি থেকে শুরু করে, সব ক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রয়োজনের কথা স্কাই স্পোর্টসকে বলেছেন তিনি।
“ক্লপ জাতীয় দলের কোচ হচ্ছেন কিনা- আমরা সবাই যেটা অনুমান করছি- আমার বিশ্বাস, তাকে ঘিরেই ডিএফবি এ মুহূর্তে এই সেরা সমাধান দেখতে পারে। ক্লপকে পেলে আপনি আসছে টুর্নামেন্টে আবারও সাফল্য পাওয়ার মতো সবকিছু পেয়ে যাবেন।”
২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর ‘বিরতি’ নেন ক্লপ। জার্মান ফুটবল অ্যাসোসিশেন জানিয়েছে, বিরতি ভেঙে জার্মানির হাল ধরতে আগ্রহ প্রকাশ করেছেন ৫৯ বছর বয়সী এই কোচ।