১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের মাস্তানতুয়োনোর কাছে মেসিই বিশ্বের সেরা

সান্তিয়াগো বের্নাবেউয়ে সংবাদ সম্মেলনে নিজের আইডলের নাম নিতে দেরি করেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

রেয়াল মাদ্রিদের মাস্তানতুয়োনোর কাছে মেসিই বিশ্বের সেরা
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

লিওনেল মেসিকে আদর্শ মেনে ফুটবলের সবুজ আঙিনায় দাপিয়ে বেড়ানো খেলোয়াড়ের অভাব নেই। তাদেরই একজন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া আর্জেন্টাইন এই তরুণ প্রতিভার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি।

গত মাসে রেয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তি করা মাস্তানতুয়োনো ১৮ বছর পূর্ণ করার দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। বের্নাবেউয়ে এদিন তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় ইউরোপের সফলতম ক্লাবটি।

সংবাদ সম্মেলনের রেয়ালে যোগ দিয়ে শৈশবের স্বপ্ন পূরণের কথা বলেন তিনি। লা লিগার ক্লাবটিতে নিজের লক্ষ্যের কথাও শোনান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

শেষ দিকে তাকে জিজ্ঞেস করা হয়, তার চোখে বিশ্বের সেরা ফুটবলার কে। রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির নাম নিতে একদমই সময় নেননি মাস্তানতুয়োনো।

“আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন এবং আমার চোখে সে-ই সেরা।”

পরে মাস্তানতুয়োনোকে জিজ্ঞেস করা হয়, রেয়ালের জার্সিতে খেলা আর্জেন্টাইন কোন ফুটবলারদের খেলা তিনি দেখেছেন।

“রেয়াল মাদ্রিদে কয়েকজন খেলোয়াড়ের অগ্রগতি অনুসরণ করা ছিল দারুণ ব্যাপার। আমি আলফ্রেদোকে (দি স্তেফানো) দেখিনি। তবে (আনহেল) দি মারিয়া ও (গন্সালো) হিগুয়াইনকে দেখেছি... আমি তাদের খেলা অনেক দেখেছি।”