১৮ সেপ্টেম্বরেই লিগ, তবে…
প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান অবশ্য বাফুফে সভাপতির সঙ্গে এ নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন।
আসিয়ান কাপ সামনে রেখে এ মুহূর্তে চলছে জাতীয় দলের ক্যাম্প। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এই আসর। এর মধ্যে ফুটবল লিগ শুরু হলে খেলোয়াড় সংকটে পড়বে ক্লাবগুলো। এ নিয়ে আপত্তি জানিয়ে চিঠিও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
তবে, প্রফেশনাল লিগ কমিটির শনিবারের সভায় আগের নির্ধারিত ১৮ সেপ্টেম্বরেই ২০২৬-২৭ মৌসুমের ফুটবল লিগ শুরুর দিনক্ষণ রাখা হয়েছে।
লিগ কমিটি এই সিদ্ধান্ত দিলেও বল আসলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কোর্টে। তার সঙ্গে আগামীকাল বসবে কমিটি। এই আলোচনার পর মূলত নির্ভর করছে লিগ আদৌ নির্ধারিত সময়ের শুরু হবে কিনা।
আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়া যাওয়ার কথা জাতীয় দলের। ক্যাম্পের দলে বর্তমানে মোহামেডানের ফুটবলার আছে ৯ জন। এছাড়া বসুন্ধরা কিংস, আবাহনী ও ফর্টিস এফসিরও একাধিক খেলোয়াড়ও আছে। স্বাভাবিকভাবে আসিয়ান কাপ চলাকালীন সময়ে লিগের খেলা চলছে ক্লাবগুলোর পূর্ণশক্তির দল পাওয়ার উপায় নেই।
এ কারণেই বাফুফের কাছে ক্লাবগুলো আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবি জানায়। এছাড়া লিগ কমিটি পুনর্গঠনের দাবিও জানায় তারা। এই পরিস্থিতিতে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল সভা শেষে জানান, তাদের আগের সিদ্ধান্তে অটুট থাকার কথা। তবে, বিকল্প পথও খোলা রেখেছেন তিনি।
“আসলে ক্লাবগুলো যেটা চিঠি দিয়েছে, আমাদের প্রেসিডেন্ট বরাবর। আমরা লিগ কমিটির তরফ থেকে আমাদের পর্যবেক্ষণ তৈরি করেছি, হয়ত আমরা প্রেসিডেন্টের সাথে আগামীকালকে বসব। আমরা লিগ শুরু করার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি।
“যেহেতু এবারের লিগ শুরুই হয়নি, জাতীয় দলের ক্যাম্প অনেকদিন পূর্বে শুরু হয়ে গিয়েছে। আর যখন লিগ চলমান অবস্থায় থাকে, ফিফা উইন্ডো যখন থাকে, তখন কিন্তু আমরা ওই সময়টাতে লিগ বন্ধ রাখি। একটু মনে হয় অবস্থার তারতম্য আছে এই জায়গায়। আমি তো বলেছি ক্লাবগুলো কিন্তু তাদের দাবি-দাওয়া প্রেসিডেন্টের কাছে ব্যক্ত করেছে। তো আমরা প্রেসিডেন্টের কাছ থেকে শোনার পর সামগ্রিক অবস্থা বিবেচনা করে ক্লাবগুলোর সাথে বসব।”
