১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাহরাইনের ফরোয়ার্ড বললেন, ‘বাংলাদেশ দুর্দান্ত দল’

বাংলাদেশের বিপক্ষে বড় হার থেকে দল শিখবে বলে মনে করেন বাহরাইনের ফরোয়ার্ড ফারাহ জেহাদ খালেদ।

বাহরাইনের ফরোয়ার্ড বললেন, ‘বাংলাদেশ দুর্দান্ত দল’
বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 11:50 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

গোল হজম করতে হয়েছে ৭টি। পোস্ট প্রতিহত না করলে হজম করতে হতো আরও। বড় হারের পর তাই বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন বাহরাইনের ফরোয়ার্ড ফারাহ জেহাদ খালেদ। তার চোখে বাংলাদেশ দুর্দান্ত দল।

উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে রোববার ইয়াংগুনে বাংলাদেশের কাছে ৭-০ গোলে উড়ে যায় বাহরাইন। প্রথমার্ধে ৫ গোল খেয়ে কোণঠাসা হয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে হজম করে আরও দুটি। তাতে বাছাইয়ের শুরুটা বাহরাইনের হলো ভীষণ বাজে।

যদিও দল নিয়ে প্রত্যাশা আরও বেশি ছিল ফারাহর। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন ৩৬ ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারও বলেছিলেন, শারীরিকভাবে শক্তিশালী বাহরাইনের মেয়েরা। কিন্তু মাঠের খেলায় দেখা গেল পুরো উল্টো চিত্র! ম্যাচজুড়ে আধিপত্যের ছড়ি ঘোরাল বাংলাদেশ, যেন অসহায় আত্মসমর্পণ করল বাহরাইন।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি নিজেদের সেরাটা মেলে ধরতে না পারার হতাশাও প্রকাশ করলেন ফারাহ। বললেন, সামনের পথচলায় বাংলাদেশ ম্যাচ থেকে শিখবেন তারা।

“এটা খুবই কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। বাংলাদেশের জয়কে অ্যাপ্রিসেয়েট করতে হবে। বাংলাদেশ দুর্দান্ত একটা দল। দূর্ভাগ্যজনকভাবে…আমি জানি, আমাদের দল আরও ভালো ফুটবল খেলতে পারত, কিন্তু দিন শেষে এটাই ফুটবল।” 

“আশা করি, এই ম্যাচটা থেকে আমরা শিখব। এই ম্যাচটা আমাদের চোখ খুলে দিয়েছে। এখন সামনের ম্যাচগুলোর দিকে দৃষ্টি দেব। সেই ম্যাচগুলো সহজ হবে না। আমরা লড়াই করতে চাই, সেরাটা মেলে ধরতে চাই, আমরা দেশের প্রতিনিধিত্ব করি, সবসময় হৃদয়ের সবটুকু দিতে চাই দেশের জন্য। আশা করি, আমরা ভালো করব।”

নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাহরাইন। মিয়ানমারের বিপক্ষে ৮-০ গোলে হেরে বাছাই শুরু করেছে তুর্কমেনিস্তান। একই দিন স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাহরাইনকে গুঁড়িয়ে মিয়ানমারের বিপক্ষেও দারুণ কিছুর আশায় তহুরা

বাহরাইনের ফরোয়ার্ড বললেন, 'বাংলাদেশ দুর্দান্ত দল