Published : 17 Apr 2026, 04:11 PM
বার্সেলোনায় চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে রবের্ত লেভানদোভস্কির। গণমাধ্যমের খবর, তাকে নতুন প্রস্তাব দিয়েছে ক্লাবটি; কিন্তু তাতে নাকি খুশি নন পোলিশ তারকা। এ বিষয়ে সরাসরি অবশ্য কিছু বলতে চাইলেন না তিনি।
আগামী অগাস্টে ৩৮ বছর পূর্ণ হবে লেভানদোভস্কির। শোনা যাচ্ছে, বার্সেলোনা তাকে বেতন কমিয়ে আরও এক মৌসুম কাম্প নউয়ে থাকার প্রস্তুাব দিয়েছে। তার বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক জেরার্দ রোমেরোর প্রশ্নে সরাসরি কোনো উত্তর দিলেন না এই তারকা স্ট্রাইকার।
“আমাদের হাতে এখনও কিছু সময় আছে। আমি কী ভাবছি, তা ক্লাবে জানে এবং এই বিষয়ে ভাবনার সময় আছে আমার। প্রস্তাব ও আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না আমি।”
“মৌসুমে বাকি ম্যাচগুলো এবং দলের লক্ষ্যগুলো এই মুহূর্ত বেশি গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে প্রতিদিনই কিছু না কিছু আসছে, সেগুলো গুরুত্বপূর্ণ নয়।”
লেভানদোভস্কির কথায় ধারণা করা যায়, ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনও মনস্থির করতে পারেননি তিনি। বরং মৌসুমটা যতটা সম্ভব ভালোভাবে শেষ করার দিকেই তার পূর্ণ মনোযোগ।
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে কাম্প নউয়ে আসার পর, বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত দুটি লা লিগাসহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন লেভানদোভস্কি। এই সময়ে দলের প্রতিটি সাফল্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
চলতি মৌসুমে অবশ্য আশানুরূপ গোল পাননি লেভানদোভস্কি; ৪০ ম্যাচ খেলে করেছেন ১৭ গোল, সঙ্গে তিনটি অ্যাসিস্ট।
গত মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের মাঠে জিতেও, দুই লেগ মিলিয়ে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে কাতালান ক্লাবটি। তবে লা লিগায় শিরোপা জয়ের পথে আছে তারা।
৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।