২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বার্সেলোনায় টের স্টেগেনের ভবিষ্যৎ ঘিরে ‘অনিশ্চয়তা বাড়ছে’

ক্লাবে ফিরলেও এখনও মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি এই জার্মান গোলরক্ষক।

বার্সেলোনায় টের স্টেগেনের ভবিষ্যৎ ঘিরে ‘অনিশ্চয়তা বাড়ছে’
বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

হুয়ান গার্সিয়াকে বার্সেলোনা কেনার পর থেকেই মূলত বিষয়টি নিয়ে আলোচনার শুরু। ক্লাবটির মূল দলে গোলরক্ষক চার জন হয়ে যাওয়ায় উঠতে থাকে নানা গুঞ্জন, আর এর কেন্দ্রবিন্দুতে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সাম্প্রতিক কিছু খবরে এই জার্মানকে নিয়ে সেই ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। 

গত মাসে এস্পানিওল থেকে ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক গার্সিয়াকে দলে টানে বার্সেলোনা। আগে থেকে যেখানে আছেন টের স্টেগেন, ভয়চেখ স্ট্যান্সনি ও ইনিয়াকি পেনিয়া।

দীর্ঘদিন বার্সেলোনার মূল গোলরক্ষক ছিলেন টের স্টেগেন, দলটির অনেক সাফল্যের কারিগরও তিনি। গত মৌসুমের শুরুতে তার চোটের কারণেই স্ট্যান্সনির শরণাপন্ন হয় কাতালান ক্লাবটি এবং অবসর ভেঙে তাদের সঙ্গে যোগ দেন এই পোলিশ গোলরক্ষক।

ইতোমধ্যে চোট কাটিয়ে ফিরেছেন টের স্টেগেন। কিন্তু সম্প্রতি ৩৫ বছর বয়সী পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনির সঙ্গে বার্সেলোনা দুই বছরের নতুন চুক্তি করায় পুরো বিষয়টি নাটকীয় মোড় নেয়। গার্সিয়া আসার পর শুরুতে শোনা গিয়েছিল যে, ২৬ বছর বয়সী পেনিয়া নিয়মিত খেলার আশায় অন্য ক্লাবে চলে যেতে পারেন।

কিন্তু গত কিছুদিনে উল্টো ৩৩ বছর বয়সী টের স্টেগেনকে নিয়ে অনিশ্চয়তা বাড়তে শুরু করে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা দল প্রাক-মৌসুমের অনুশীলনে ফিরলেও টের স্টেগেন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি। মেডিকেল শেষে সোমবার কোচ হান্সি ফ্লিক প্রথম অনুশীলন সেশন সারেন এবং ওই সময় জিমেই সময় কাটান টের স্টেগেন।

দলের মঙ্গলবারের দুই সেশনের অনুশীলনেও টের স্টেগেনের নাম নেই বলে ক্লাবের পক্ষ থেকে জানতে পেরেছে ইএসপিএন। জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রীতি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে রওনা দেবে বার্সেলোনা, ওই সফরের স্কোয়াডে টের স্টেগেনের থাকার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, টের স্টেগেনকে নাকি নতুন ঠিকানা খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে; তবে তিনি বার্সেলোনায় থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন।

চলমান এসব গুঞ্জনের সত্যতা কতটা, আগামী কিছুদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। তবে মূল দলের অনুশীলনের বাইরে থাকাটা টের স্টেগেনকে ঘিরে ধোঁয়াশা নিশ্চিতভাবেই বাড়াচ্ছে।