Published : 28 Aug 2026, 08:09 PM
সান্তোসের বিপদে পাশে দাঁড়িয়েছে নেইমারের পরিবার। ফরাসি ক্লাব এএস মোনাকোর কাছে দেনা পরিশোধ করতে ব্রাজিলের ক্লাবটিকে সহায়তা করেছে তারা। তাতে খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা উঠে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটির।
সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, মোনাকোর পাওনা ২০ লাখ ইউরো পরিশোধ করে দিয়েছে তারা। আর এতে তাদেরকে আর্থিক সাহায্য করেছে নেইমারের পরিবারের কোম্পানি এনআর স্পোর্টস।
২০২৩ সালে জুলাইয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাসকে স্থায়ীভাবে দলে টানে সান্তোস। ওই চুক্তির শেষ কিস্তির ২০ লাখ ইউরো পরিশোধে ব্যর্থ হওয়ার পর, গত বছর ক্লাবটির বিরদ্ধে ফিফার কাছে অভিযোগ করে মোনাকো।
২০২৫ সালের মে মাসে ফিফা রায় দেয়, বকেয়া অর্থের সঙ্গে মোনাকোকে ৩২ হাজার ৮৭৬ ইউরো সুদও পরিশোধ করতে হবে সান্তোসকে। এ জন্য সময় দেওয়া হয় ৪৫ দিন। অর্থ পরিশোধ না করা পর্যন্ত জাতীয় কিংবা আন্তর্জাতিক- কোনো পর্যায়েই নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না ক্লাবটি।
নিষেধাজ্ঞার মেয়াদ সর্বোচ্চ টানা তিনটি দলবদলের সময়কাল হতো।
খেলোয়াড় নিবন্ধনের ওই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে সান্তোস।
“সান্তোস এফসি খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে দেনা পরিশোধ করেছে এবং আবারও দলবদলের বাজারে কার্যক্রম পরিচালনা করতে পারবে।”
এরপরই এনআর স্পোর্টসের সাহায্যের কথা উল্লেখ করে ক্লাবটি।
“এটা সম্ভব হয়েছে এনআর স্পোর্টসের সহায়তায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে ক্লাবটি তাৎক্ষণিকভাবে অর্থ পেয়েছে। বিনিময়ে এখনো বিক্রি না হওয়া কিট স্পনসরশিপের স্বত্ব নিয়ে সান্তোস এফসি ও প্রতিষ্ঠানটি যৌথভাবে আলোচনা করবে।”
এনআর স্পোর্টস ব্রাজিলের একটি স্পোর্টস মার্কেটিং ও ইমেজ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ২০০৬ সালে নেইমারের বাবা-মা ছেলের ক্যারিয়ার ম্যানেজের জন্য কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।
বার্সেলোনা ও পিএসজিতে খেলা ৩৪ বছর বয়সী নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। গত মৌসুমে ক্লাবটিকে অবনমন এড়াতে সহায়তা করেন তিনি।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন নেইমার। শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
চলতি মৌসুমে লিগে ২৩ ম্যাচ খেলে কেবল ৬টিতে জিতেছে সান্তোস। বর্তমানে ব্রাজিলের শীর্ষ লিগের পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে আছে তারা।