২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল

বালকদের লড়াইয়ে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হয়েছে।

স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
শিরোপার সঙ্গে সানিডেইল স্কুলের খেলোয়াড়রা। ছবি: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার’ বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল।

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার বালক বিভাগের ফাইনালে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে ২৩-১৭ গোলে হারায় সানিডেইল।

একই স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে সানিডেইলের জয় ১৪-১২ গোলে। 

বালক বিভাগে এর আগে ২০২৩ সালে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। আর বালিকা বিভাগে তারা সবশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে। এবার দুই বিভাগেই চ্যাম্পিয়ন হলো প্রতিষ্ঠানটি।

বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় এবং ঢাকা গভ: মুসলিম হাই স্কুল চতুর্থ হয়েছে। আর বালিকাদের লড়াইয়ে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ তৃতীয় এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় চতুর্থ স্থান অর্জন করেছে।