Published : 28 Sep 2025, 05:44 PM
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের শেষ শটে গোল হজম করা মানতে কষ্ট হচ্ছে আর্না স্লটের। অন্তিম সময়ে ‘গা ছাড়া ভাবের’ জন্য রক্ষণভাগকে কাঠগড়ায় তুলেছেন লিভারপুল কোচ। তবে ম্যাচের বেশিরভাগ সময়ের ‘সেরা দল’ প্যালেসের জয়টি প্রাপ্য বলেই মনে করেন তিনি।
প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরে যায় লিভারপুল। থেমে যায় তাদের জয়রথ। চলতি লিগে ছয় ম্যাচ খেলে এটি স্লটের দলের প্রথম পরাজয়।
নবম মিনিটে ইসমালিয়া সারের গোলে এগিয়ে যায় প্যালেস। প্রথমার্ধের বাকিটা সময়ও একের পর এক আক্রমণে ইংলিশ চ্যাম্পিয়নদের চাপে রাখে তারা। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে দলটি। কিন্তু সৌভাগ্য সহায় না হওয়ায় এবং লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারের দুর্দান্ত সব সেভে বল আর জালে পাঠাতে পারেনি দলটি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠা দলটি অনেক চেষ্টার পর ৮৭তম মিনিটে ফেদেরিকো চিয়েসার নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোল পায়।
ওই সময় মনে হচ্ছিল, সমতায় শেষ হতে যাচ্ছে ম্যাচ। কিন্তু নাটকীয়তার যে তখনও বাকি, কে জানত। যোগ করা সময়ের শেষ মুহূর্তে প্যালেসকে উল্লাসে মাতান এডি এনকেটিয়া। লম্বা থ্রোয়ে বল পেয়ে খুব কাছ থেকে অনায়াসে জাল খুঁজে নেন অরক্ষিত এই ফরোয়ার্ড।
ওই মুহূর্তে লিভারপুলের রক্ষণ নড়বড়ে হয়ে পড়েছিল বলে ম্যাচ শেষে খেলোয়াড়দের কাঠগড়ায় তোলেন স্লট।
“আমরা যেভাবে রক্ষণ সামলেছি, তার জন্য কেবল নিজেদেরই দায় দিতে পারি। আমাদের একজন খেলোয়াড় পাল্টা আক্রমণ করার জন্য রক্ষণ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, যার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তখন সময় প্রায় শেষ। তাই স্রেফ রক্ষণ সামলাতে না পারায় হেরেছি আমরা।”
"সেই সময়ে একজন খেলোয়াড় অতি আক্রমণাত্মক মনোভাবে ছিল, যেটা তাদের ম্যাচ জেতানো গোল করার সুযোগ এবং আমাদের হারের পথ করে দেয়।”
গত অগাস্টে কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে প্যালেসের বিপক্ষে হেরেছিল লিভারপুল। এবার প্রিমিয়ার লিগে পেলও তেতো স্বাদ।
লিভারপুলের পারফরম্যান্সে হতাশ স্লট বললেন, সৌভাগ্যবশত আরও গোল হজম করেনি তার দল।
“প্রথমার্ধ ও ম্যাচের শেষ সময়টা ছিল হতাশাজনক। আবারও, কৃতিত্বটা প্যালেসের। তাদের বিপক্ষে এটা আমাদের প্রথম হার নয়।”
“চার ম্যাচ খেলে তাদের বিপক্ষে জয় ও ড্র একটি করে, হার দুটি। এটাই বলে দেয়, তাদের হারানো কতটা কঠিন। প্রথমার্ধেই তারা দুই-তিন গোলে এগিয়ে যেতে পারতো।”