১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পাওনা পরিশোধ না করায় নিষেধাজ্ঞার কবলে ব্রাজিলের ক্লাব

শাস্তি থেকে মুক্তি পাওয়ার সহজ পথও অবশ্য আছে ক্লাবটির সামনে।

পাওনা পরিশোধ না করায় নিষেধাজ্ঞার কবলে ব্রাজিলের ক্লাব
আতলেতিকো মাদ্রিদের জার্সিতে থিয়াগো আলমাদা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

ফিফার নিষেধাজ্ঞার হুমকি এসেছিল আগেই। সেটাই এবার কার্যকর হয়ে গেল ব্রাজিলের ক্লাব বতাফোগোর ওপর। আগামী তিন ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কিনতে পারবে না ক্লাবটি।

গত বুধবার থেকে তাদের ওপর এই শাস্তি কার্যকর হয়েছে। 

২০২৪ সালে আটলান্টা ইউনাইটেড থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে কিনেছিল বতাফোগো। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে দুই কোটি ২৫ লাখ ডলার পরিশোধ করে দিলে অবশ্য ফিফার নিষেধাজ্ঞা উঠে যাবে। গত ২৬ ডিসেম্বর থেকে এই অর্থ বকেয়া হয়ে গেছে।

গত ফেব্রুয়ারিতে ফিফার একটি ট্রাইবুনাল রায় দেয়, আলামাদার ট্রান্সফার ফির চুক্তি অনুযায়ী বতাফোগোকে দুই কোটি ১০ লাখ ডলার দিতে হবে, এবং প্রথম দুই কিস্তির অর্থ পরিশোধ না করায় আরও ১৫ লাখ ডলার বাড়তি দিতে হবে। 

ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিল বতাফোগো। তবে এই ডিসেম্বরে ফিফার রায় বহাল রাখে সিএএস।

২০২২-২৪ পর্যন্ত মেয়াদে আটলান্টা ইউনাইটেডের হয়ে ২৩ গোল করেছিলেন আলমাদা। ২০২৪ সালের জুলাইয়ে বতাফোগোয় পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন তিনি, যদিও সেখানে বেশিদিন খেলার সুযোগ হয়নি তার। তবে অল্প সময়েই ক্লাবটির ২০২৪ কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলের সেরি আ জয়ী দলের অংশ হন তিনি।  

পরে ওই বছরের ডিসেম্বরেই তিনি ধারের চুক্তিতে যোগ দেন ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে।

বতাফোগো ও লিওঁ একই মালিকানার দুটি ক্লাব।

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী আলমাদা।