০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর জয়ের দেখা পেল আন্দোনি ইরাওলার দল।

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়
গোলের পর আলেকসান্দার ইসাক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 04:53 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল লিভারপুল। বাকি সময়ে তাদের আটকে রাখতে পারলেও, হার এড়াতে পারল না ইপ্সউইচ টাউন।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। প্রথম ৯ মিনিটের মধ্যে গোল দুটি করেন আলেকসান্দার ইসাক।

চলতি আসরে তিন ম্যাচে লিভারপুলের প্রথম জয় এটি, দলটির কোচ হিসেবে আন্দোনি ইরাওলার প্রথম জয়ও।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে লিভারপুল। ৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইপ্সউইচ ।

নিউক‍্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করে লিভারপুল। পরে একই স্কোরলাইনে ড্র করে নটিংহ‍্যাম ফরেস্টের বিপক্ষে।

ইপ্সউইচের বিপক্ষে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কোডি হাকপোর পাস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইসাক।

এই দুজনের যুগলবন্দীতেই নবম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। মাঝমাঠ থেকে চমৎকার পাস দেন হাকপো, আর বল ধরে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ইসাক।

এবারের লিগে সুইডিশ স্ট্রাইকারের গোল হলো তিনটি, সবকটিতেই সহায়তা করেন হাকপো।

৩৩তম মিনিটে আবার জালে বল পাঠান ইসাক, কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি, হয়নি হ্যাটট্রিকও। একটু পর ফ্লোহিয়ান ভিয়েৎসের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান ইপ্সউইচ গোলরক্ষক।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় লিভারপুল। ৬৪তম মিনিটে ভিক্তর মুনিয়োসের বদলি নেমে লিভারপুলের হয়ে অভিষেক হয় পিএসজি থেকে আসা বাহডলে বাহকোলার। তেমন কিছু যদিও করে দেখাতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড।