১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার সঙ্গে টের স্টেগেনের বিরোধ মিটে যাওয়ায় খুশি ফ্লিক

ক্লাবের সবার মাঝে যোগাযোগটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বার্সেলোনা কোচ।

বার্সেলোনার সঙ্গে টের স্টেগেনের বিরোধ মিটে যাওয়ায় খুশি ফ্লিক
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ক্লাবের সঙ্গে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল অধিনায়ক ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের, তা দ্রুত সমাধান হওয়ায় খুশি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ক্লাবের সবার মাঝে যোগাযোগটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। 

এস্পানিওল থেকে গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে দলে নেওয়ার পর বার্সেলোচনার চাওয়া ছিল টের-স্টেগেনকে বিক্রি করে দেওয়া। কিন্তু অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষক বরাবরই অনড় ছিলেন ক্লাব ছাড়তে। এর মাঝে গত মাসের শেষ দিকে তার পিঠের অস্ত্রোপচারের পর তাকে বিক্রি করা বা ক্লাব ছাড়ার পথও বন্ধ হয়ে যায়।

পরে টের-স্টেগেনকে দীর্ঘমেয়াদি চোটের তালিকায় রাখতে চেয়েছিল বার্সেলোনা। যাতে লা লিগার নিয়ম কাজে লাগিয়ে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারে তারা। কিন্তু নিজের চিকিৎসা বিষয়ক তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে পাঠাতে অস্বীকৃতি জানান টের স্টেগেন। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

এর পরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় বার্সেলোনা। তবে মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠাতে রাজি হওয়ায় একদিন পরই আবার নেতৃত্ব ফিরে পান ৩৩ বছর বয়সী গোলরক্ষক। 

হোয়ান গাম্পার ট্রফির লড়াইয়ে রোববার রাতে ইতালিয়ান ক্লাব কমোর বিপক্ষে ৫-০ গোলে জয়ের পর টের স্টেগেনের বিষয়টি সমাধান হওয়ায় নিজের সন্তুষ্টির কথা জানান ফ্লিক। 

“আমি খুশি যে বার্সেলোনা ও সভাপতি (হুয়ান লাপোর্তা) মার্কের সঙ্গে কথা বলেছেন। মার্ক দারুণ গোলরক্ষক, ১০ বছর ধরে আমাদের ক্লাবের হয়ে খেলছে সে... আমি খুবই খুশি যে ক্লাব ও সভাপতি মার্কের সঙ্গে কথা বলেছেন, এটা তার জন্যও গুরুত্বপূর্ণ।” 

“আমি মনে করি গাম্পার ম্যাচের আগে বিষয়টি সমাধান করা গুরুত্বপূর্ণ ছিল। ভালো যোগাযোগ এবং সবসময় কথা বলা খুবই গুরুত্বপূর্ণ।”