Published : 22 Apr 2024, 01:03 PM
ভিএআর দেখে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিকেই সঠিক বলে মনে করেন কার্লো আনচেলত্তি। বার্সেলোনার গোলের দাবি নিয়ে রেয়াল মাদ্রিদ কোচের অভিমত, বল গোল-লাইন পেরোয়নি পুরোপুরি। রেয়ালের পাওয়া পেনাল্টি নিয়েও কোনো সংশয় নেই তার। বরং পরপর দুই ম্যাচে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে হারিয়ে দলকে নিয়ে দারুণ গর্বিত তিনি।
স্পেনের সফলতম দুই দলের লড়াইয়ে রোববার বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ব্যবধান আরও বাড়িয়ে নেয় রেয়াল মাদ্রিদ।
রেয়ালের মাঠে যদিও দুই দফায় এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু হার না মানা মানসিকতায় ঠিকই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টি আদায় করে নেয় আনচেলত্তির দল। লিগের ছয় ম্যাচ বাকি থাকতে এখন তারা এগিয়ে ১১ পয়েন্টে।
পাঁচ গোলের ম্যাচ শেষে মূল আলোচনা অবশ্য না হওয়া একটি গোল নিয়ে। ম্যাচের ২৮তম মিনিটে লামিনে ইয়ামালের টোকায় বিভ্রান্ত হয়ে পড়ে রেয়ালের রক্ষণভাগ। গোলকিপার আন্দ্রি লুনিন নিজের শরীর গোল-লাইনের ভেতরে নিয়ে কোনোরকমে আটকে দেন বল। বার্সেলোনা যদিও গোল হয়েছে বলেই জোর দাবি জানায়। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বারবার ভিএআর দেখে গোল দেননি রেফারি।
সেই বিতর্কের রেশ যথারীতি ম্যাচের পরও চলছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল লা লিগাতেই গোল-লাইন প্রযুক্তি নেই। এই ম্যাচের পর পুরোনো বিতর্কটি জমে উঠেছে আবার।
রেয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি অবশ্য নিশ্চিত, রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। দলের জয়ের পাশাপাশি ভালো একটি ম্যাচের সন্তুষ্টি ফুটে উঠল তার কণ্ঠে।
“সম্ভাব্য যে গোলের কথা বলা হচ্ছে, ওটা গোল ছিল না। বল পুরোপুরি ভেতরে ঢোকেনি। পেনাল্টিও আমার চোখে বেশ পরিষ্কার।”
“সব মিলিয়ে যা হয়েছে, তাতে আমি খুশি। আমাদের জন্য ভালো হয়েছে তো বটেই, বার্সাও ভালো খেলেছে। উঁচু মানের ম্যাচ হয়েছে।”
ম্যাচের পর বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস সবটুকু ক্ষোভ উগড়ে দিয়েছেন না পাওয়া ওই গোল নিয়ে। তাদের সঙ্গে ‘বিরাট অন্যায়’ হয়েছে, জয় তাদের প্রাপ্য ছিল, এরকম মন্তব্যও করেছেন তিনি।
প্রতিপক্ষ কোচের প্রতিক্রিয়ার কোনো জবাব অবশ্য দিতে চাইলেন না আনচেলত্তি। নিজেদের দারুণ জয়ের তৃপ্তিই তার কাছে সবকিছু।
“শাভির ভাবনা নিয়ে কোনো মতামত দেওয়ার ইচ্ছে আমার নেই। সবারই নিজস্ব মতামত আছে। আমি খেলা নিয়ে কথা বলতেই পছন্দ করি। দারুণ লড়াই হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে। শেষ পর্যন্ত, প্রাণশক্তির শেষ বিন্দু দিয়ে আমরা ম্যাচ জিতেছি এবং পয়েন্ট তালিকায় ভালো অবস্থায় আছি।”
এই ম্যাচের আগে গত বুধবার কঠিন এক পরীক্ষায় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে রেয়াল মাদ্রিদ। সেটির রেশ থাকতে থাকতেই আরও একটি গুরুত্বপূর্ণ জয় আদায় করে নিয়েছে আনচেলত্তির দল। লা লিগায় ৩৬তম শিরোপাকে এখন বলা যায় তাদের জন্য স্রেফ সময়ের ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপার হাতছানি তো আছেই।
মৌসুমের শেষ ভাগটায় এখন নিজেদের কাজ ঠিকঠাক করতে চান আনচেলত্তি।
“অবশ্যই, (শিরোপার পথে) গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছি আমরা। এখন আমরা অনেকটা এগিয়ে। তবে এখনই সব নিশ্চিত ধরে নিতে পারি না। আরও অনেক পয়েন্ট অর্জন করতে হবে আমাদের এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের জন্যও প্রস্তুত হতে হবে।”
“দলকে নিয়ে আমি গর্বিত, কারণ দুটি ম্যাচই ছিল অনেক চ্যালেঞ্জিং। খুব ভালোভাবে সামলাতে পেরেছি আমরা এবং সবাই খুবই খুশি। এখন মৌসুমের শেষ ভাগের জন্য তৈরি হতে হবে আমাদের। খুব ভালো অবস্থানে আমরা আছি। এই তাড়না, উত্তেজনা ও আবহ ধরে রাখতে হবে। আমি বিশ্বাস করি, একসঙ্গে দারুণ কিছু আমরা করতে পারি এই মৌসুমে।”