১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের কোচিংয়ে প্রথম হারের স্বাদ পেল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচ শেষে হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 04:51 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

অধিকাংশ সময় প্রতিপক্ষ শিবিরে একজন কম থাকার পরও কাঙ্ক্ষিত ফল পেল না ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জন নিয়েই তাদের হারিয়ে দিল নিউক্যাসল ইউনাইটেড।

প্রতিপক্ষের মাঠে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর নৈপুণ্যে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ দিকে তাদের পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে দেন উইলিয়াম ওসুলা।

অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে যে স্বপ্নযাত্রা চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, সেটাই এবার শেষ হয়ে গেল। প্রিমিয়ার লিগে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল দলটি।

আসরে এই নিয়ে ছয় ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

নাটকীয় লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে অনেক ঘটনা। 

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের মিডফিল্ডার জ্যাকব র‍্যামজি। প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুযোগ সফরকারীরা কাজে লাগাবে কী, উল্টো একটু পরই গোল হজম করে তারা।

ডি-বক্সে অ্যান্থনি গর্ডনকে ফাউল করে বসেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। নিজেই সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইংলিশ উইঙ্গার গর্ডন।

জমজমাট লড়াইয়ে দ্রুত পাল্টা জবাব দেয় ইউনাইটেড। সেট পিসে ফের্নান্দেসের ক্রসে হেডে সমতা টানেন কাসেমিরো। এবারের লিগে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোল হলো ছয়টি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান গড়ে দেন পাঁচ মিনিট আগেই গর্ডনের বদলি নামা উইলিয়াম ওসুলা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ডেনিশ ফরোয়ার্ড।

 

ব্রাজিলের পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির জয়

দুইবার এগিয়ে যাওয়া সিটিকে রুখে দিল ফরেস্ট

প্রতিপক্ষ গোলরক্ষকের এক ভুলেই আর্সেনালের জয়