১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিলিতাও নাকি ভালভের্দে, কাকে বেছে নেবেন আলোন্সো

চোটের জন‍্য প্রথম পছন্দের দুই রাইট-ব‍্যাক বাইরে থাকায় বিকল্প ভাবতেই হচ্ছে রেয়াল মাদ্রিদ কোচের।

মিলিতাও নাকি ভালভের্দে, কাকে বেছে নেবেন আলোন্সো
এদের মিলিতাও (বাঁয়ে) ও ফেদে ভালভের্দে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 11:07 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

দানি কার্ভাহালের পর ট্রেন্ট অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ডও চোটের জন‍্য মাঠের বাইরে যাওয়ায় সেল্তা ভিগোর বিপক্ষে রাইট-ব‍্যাক হিসেবে কাকে খেলাবেন, তা নিয়ে ভাবছেন শাবি আলোন্সো। আগে কয়েকবার কাজ চালানো ফেদে ভালভের্দেকে বেছে নেবেন তিনি? নাকি কার্লো আনচেলত্তির পথ অনুসরণ করে খেলাবেন এদের মিলিতাওকে?

লা লিগার ম্যাচে রোববার সেল্‌তার মুখোমুখি হবে রেয়াল। এর আগেন দিন সংবাদ সম্মেলনে রাইট-ব‍্যাক হিসেবে কাকে খেলাবেন, তা খোলাসা করলেন না আলোন্সো।

সম্ভাবনায় ভালভের্দে একটু এগিয়ে থাকবেন কি না, সেটাও পরিষ্কার করলেন না রেয়াল কোচ।

“দেখতে হবে আমরা কী সিদ্ধান্ত নিই। তবে এখানে অন‍্য বিকল্পও আছে। ফেদে সবসময়ই দলকে সবার আগে রাখে। এবং সবসময়ই এখানে উঁচু মানের ফুটবল খেলে। তবে এখানে আরও অন‍্য বিকল্প থাকতে পারে। আগামীকাল আমরা সেটা দেখব।”

“আমার কিছু ম‍্যাচের কথা মনে আছে, যেখানে ভালভের্দে ছিল দুর্দান্ত। বার্সেলোনা, ইউভেন্তুস… আমরা তার পজিশন জানি। সে খুবই উদার, সে দলকে সাহায‍্য করতে চায়।”  

রেয়ালের সাবেক কোচ আনচেলত্তি গত আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলে রাইট-ব‍্যাক হিসেবে খেলান মিলিতাওকে। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার কি আছেন আলোন্সোর ভাবনায়?

“হ‍্যাঁ, এটা একটা সম্ভাবনা। আমাদের দেখতে হবে দুই সেন্টার-ব‍্যাক হিসেবে কারা আছে। আমার মনে হয় সে সেনেগালের বিপক্ষে খেলেছিল। ব্রাজিলের হয়ে সে রাইট-ব‍্যাক হিসেবে খেলেছিল এবং ভালো করেছিল। তার সেই সামর্থ‍্য আছে। সে আমাকে কিছুটা পেপের কথা মনে করিয়ে দেয়। সে লড়াকু এবং যেখানেই সে খেলুক, সে লড়াই করবে। যেখানে মিলিতাওকে প্রয়োজন, সে সেখানেই থাকবে।”

লা লিগায় ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।